ইউআইইউ ক্যারিয়ার ফেয়ার, ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬, ইউআইইউ চাকরির মেলা, ১০৭টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ, ১ হাজার কর্মসংস্থানের সুযোগ, ২০ হাজার চাকরিপ্রত্যাশী, ইউআইইউ চাকরির সুযোগ, শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান
ইউআইইউ ক্যারিয়ার ফেয়ার। সংগৃহীত
ads

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১০৭টি দেশী-বিদেশী প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ইউআইইউ ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬’। মেলায় পূর্ণকালীন ও খণ্ডকালীন চাকরি এবং ইন্টার্নশিপ মিলিয়ে প্রায় ১ হাজার কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এতে অংশ নিয়েছেন প্রায় ২০ হাজার চাকরিপ্রত্যাশী।

বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইউআইইউর ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডিসিসিএসএ) উদ্যোগে এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের উপস্থাপনায় দিনব্যাপী এ ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সম্ভাব্য নিয়োগকর্তাদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা এবং বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দীন হাসান রশীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। এ সময় ইউনাইটেড গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দীন হাসান রশীদ উপস্থিত ছিলেন।

মেলায় ব্যাংকিং, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট, তথ্যপ্রযুক্তি (আইটি), পাওয়ার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন খাতের ১০৭টি স্বনামধন্য দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়।

দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য উন্মুক্ত এ আয়োজনে প্রায় ২০ হাজার চাকরিপ্রত্যাশী অংশ নেন। তারা সরাসরি নিয়োগকর্তাদের কাছে সিভি জমা দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেয়ার সুযোগ পান।

প্রধান অতিথি হাসান মাহমুদ রাজা বলেন, ‘শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের প্রতিনিধিত্ব করে। তাই সবার আগে তাদের মানবিক ও উন্নত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার্থীরা চেষ্টা করলে অবশ্যই সেরাদের কাতারে পৌঁছাতে পারবে।’

বিশেষ অতিথি মাইনুদ্দীন হাসান রশীদ বলেন, ‘শিক্ষার্থীদের আচার-আচরণ ও ব্যবহারের বিষয়ে সচেতন থাকতে হবে। নিজেদের মধ্যে মানবিক গুণাবলির চর্চা করতে হবে। শিক্ষার্থীরা মানবিক মূল্যবোধ ধারণ করতে পারলে পৃথিবীর যেকোনো জায়গায় সম্মানিত হবে।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো: আবুল কাশেম মিয়া বলেন, ‘এ ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, যুগোপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলা এবং শিল্পখাতের সাথে সরাসরি সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

তিনি আরো বলেন, ‘মানসম্মত শিক্ষা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে ইউআইইউ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

দিনব্যাপী এ আয়োজনে ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, গিগাবাইট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক পিএলসি, এরনা, এমজিআই, ইউনাইটেড গ্রুপ, ব্র্যাক, এসিআই, স্কয়ার, প্রাণ, বিকাশ, ম্যারিকো, অ্যাপেক্স ও রেনাটাসসহ আরও অনেক স্বনামধন্য দেশী-বিদেশী প্রতিষ্ঠান অংশ নেয়।

এ আয়োজনে ইউআইইউর ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের অতিথিরা উপস্থিত ছিলেন।