ইয়েমেনে প্রেসিডেনশিয়াল প্যালেস কমপ্লেক্সে হাউছিদের হামলা
ইয়েমেনে প্রেসিডেনশিয়াল প্যালেস কমপ্লেক্সে হাউছিদের হামলা। সিএনএন

 

Advertisement

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে অবস্থিত প্রেসিডেনশিয়াল প্যালেস কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হাউছিরা। এতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। তবে হামলার সময় কমপ্লেক্সে অবস্থান করা দেশটির প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি ও মন্ত্রিসভার সদস্যরা অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা রয়টার্সকে দুই সরকারি কর্মকর্তা জানান, এডেনের মাশিক প্রেসিডেনশিয়াল প্যালেস কমপ্লেক্স লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি জানান, হাউছিরা ওই কমপ্লেক্স লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলার সময় সেখানে অবস্থান করা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা নিরাপদ রয়েছেন বলেও জানান তিনি।

হাউছি নিয়ন্ত্রিত সাবা বার্তা সংস্থা এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, কমপ্লেক্সে থাকা সৌদি কর্মকর্তাদের পরিচালিত একটি সামরিক অভিযান সদরদফতর ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হাউছিদের এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

হাউছি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এডেনে অবস্থিত তথাকথিত সৌদি সামরিক অভিযান সদরদফতরে হামলাটি তাদের পূর্বঘোষিত নীতির অংশ। ওই নীতি অনুযায়ী, যেখানেই সৌদি সামরিক বাহিনীর সদস্যদের সমাবেশ থাকবে, সেখানেই হামলা চালানো হবে বলে দাবি করেন তিনি।

এর আগে তিনজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছিলেন, প্রেসিডেনশিয়াল প্যালেস কমপ্লেক্সের আশপাশে তারা বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সূত্র : রয়টার্স