ভারত, পাকিস্তান, প্রতিদ্বন্দ্বী দেশ, এক কবি,  মহাকাশ, আল্লামা ইকবাল,
পর্দা থেকে নেয়া চীনা দুই সতীর্থের সাথে পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী। আল জাজিরা
ads

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে ভেসে বেড়ানোর সময় বুধবার নিজের দেশের কবি আল্লামা ইকবালের একটি কবিতা আবৃত্তি করেন পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী। নীল রঙের মহাকাশযাত্রার পোশাকে পাকিস্তানের সবুজ-সাদা পতাকা বুকে নিয়ে পাঁচ চীনা সহযাত্রীর মাঝখানে দাঁড়িয়ে নয়, বরং শূন্যে ভেসেই তিনি আবৃত্তি করেন কবিতার দুটি পঙ্‌ক্তি। এভাবেই পৃথিবীর কক্ষপথে আবারো ফিরে আসে ভারত ও পাকিস্তানের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এক স্মরণীয় অনুষঙ্গ।

‘সিতারোঁ সে আগে জাহাঁ অউর ভি হ্যায়, আবহি ইশক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়’—আবৃত্তি করেন আলী। অর্থাৎ, ‘তারকারাজির ওপারেও আরো অনেক জগৎ রয়েছে, প্রেমের পরীক্ষারও এখনো অনেক বাকি।’

সূত্র : আল জাজিরা

দুটি পঙ্‌ক্তির মাঝখানে কিছুক্ষণ থামেন তিনি। এরপর প্রথম পঙ্‌ক্তিটির শুরুটা আবারো উচ্চারণ করে কবিতাটি শেষ করেন। মহাকাশে ভেসে থাকার সময় নিজেকে সামলে নিয়ে আবৃত্তি করার চেষ্টা করছিলেন তিনি। এরপর সাবলীলভাবে চীনা ভাষায় চলে যান। চীনা সহযাত্রীদের কবিতাটির অর্থ বুঝিয়ে বলেন, ‘তারকারাজির ওপারে অসংখ্য জগৎ রয়েছে, সামনে এখনো অসংখ্য পরীক্ষা বাকি।’

ধন্যবাদ জানিয়ে হাসিমুখে কথা শেষ করতেই সহযাত্রীরা করতালি ও উল্লাসে ফেটে পড়েন। এরপর শূন্যের মধ্যেই একে অপরকে জড়িয়ে ধরে হাসি-আনন্দে মেতে ওঠেন তারা।

তবে পৃথিবী থেকে মহাকাশে ইকবালের কবিতা পৌঁছানোর ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও দুবার মহাকাশযাত্রার সঙ্গে জড়িয়ে গিয়েছিল এই কবির কবিতা।

প্রথম ঘটনাটি ১৯৮৪ সালের। মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় নভোচারী রাকেশ শর্মা তখন ইকবালের কবিতার পঙ্‌ক্তি উদ্ধৃত করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়, জানতে চেয়েছিলেন গান্ধী। সব চে আচ্ছা হিন্দুস্তাঁ হামারা- উচ্চারণ করেছিলেন। সোভিয়েত মহাকাশচারীরা এ কবিতার অর্থ জানতে চাইলে একটু ভেবে নাকি বলেছিলেন, সবচে বাচ্চা হিন্দুস্তাঁ হামরা... আচ্ছাকে বাচ্চা করার কারণ ছিল সোভিয়েত মহাকাশচারীরা যেন ভারতকে নিয়ে ঠাট্টা করার সুযোগ না পায়। তারা যেন বলতে না পারে, যদি সবচেয়ে আচ্ছাই হবে তবে সোভিয়েত নভোযানে চেপেছে কেনা? তৎকালীন ভারতীয় বাংলা সাপ্তাহিক দেশে এ গল্পটি ছাপা হয়েছিল। 

এরপর ১৯৯৭ সালে ভারতীয় বংশোদ্ভূত আরেক নভোচারী কল্পনা চাওলার সাথে মহাকাশ থেকে কথোপকথনের সময় ইকবালের কবিতা আবৃত্তি করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল। তিনি সেই একই কবিতার প্রথম পঙ্‌ক্তিটি বলেছিলেন, যা প্রায় তিন দশক পর চীনা সহযাত্রীদের সামনে আবৃত্তি করলেন পাকিস্তানের জিশান আলী।

১৯৪৭ সালের আগস্টে পাকিস্তান প্রতিষ্ঠার পেছনে দেশটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর পাশাপাশি আল্লামা ইকবালকেও অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানের জাতীয় কবি হিসেবে পরিচিত ইকবালকে দেশটির স্বপ্নদ্রষ্টাও বলা হয়।

কে ছিলেন ইকবাল?

ইকবাল ছিলেন কবি, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ। বিংশ শতাব্দীর গোড়ার দিকে দক্ষিণ এশিয়ায় মুসলিম রাজনীতির চিন্তাধারা গড়ে ওঠায় তার ধারণাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

১৮৭৭ সালের ৯ নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন তিনি। লাহোর, ইংল্যান্ড ও জার্মানিতে পড়াশোনা করেন। আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পাশাপাশি দর্শনশাস্ত্রে ডক্টরেট ডিগ্রিও নেন।

দক্ষিণ এশিয়াজুড়েই তিনি ‘আল্লামা’ নামে পরিচিত। শব্দটির অর্থ বিদ্বান বা জ্ঞানী ব্যক্তি।

ইকবাল মূলত ফারসি ও উর্দু ভাষায় কবিতা লিখেছেন। ফারসি কবিতার জন্য ইরানেও তার বিপুল জনপ্রিয়তা রয়েছে। সেখানে তিনি ‘ইকবাল-এ-লাহোরি’ বা লাহোরের ইকবাল নামে পরিচিত।

১৯৩০ সালে এলাহাবাদে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনকালে তিনি একটি স্বশাসিত রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন। তার প্রস্তাবে পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তানকে একত্র করে একটি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল। রাষ্ট্রটি ব্রিটিশ সাম্রাজ্যের ভেতরে অথবা বাইরে—যেকোনো অবস্থানেই থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।

ওই ভাষণে তিনি ‘পাকিস্তান’ শব্দটি ব্যবহার করেননি। তবে তার প্রস্তাব পরবর্তী সময়ে পাকিস্তান প্রতিষ্ঠার পেছনে মূল বুদ্ধিবৃত্তিক ধারণা হিসেবে বিবেচিত হয়। পাকিস্তানে তাকে প্রায়ই দেশটির স্বপ্নদ্রষ্টা হিসেবে বর্ণনা করা হয়।

১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে ইন্তেকাল করেন ইকবাল। হিন্দুস্তান ভাগ হয়ে ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার নয় বছর আগেই তিনি ইন্তেকাল করেন। 

মহাকাশ থেকে ভারতের প্রশংসায় ইকবালের কবিতা

ভারতীয় বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা ১৯৮৪ সালের ৩ এপ্রিল সোভিয়েত ইউনিয়নের সয়ুজ টি-১১ মহাকাশযানে চড়ে মহাকাশে যান। সালিউত-৭ মহাকাশ স্টেশনে প্রায় আট দিন কাটান তিনি।

ওই মাসেই টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক কথোপকথনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার সাথে কথা বলেন।

গান্ধী জানতে চান, ‘ওপর থেকে ভারতকে কেমন দেখাচ্ছে?’

জবাবে শর্মা বলেন, ‘জি, আমি কোনো দ্বিধা ছাড়াই বলতে পারি, সারে জাহাঁ সে আচ্ছা।’

অর্থাৎ, ‘পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর।’

শর্মার এই উত্তরের মধ্যে ছিল ইকবালের বিখ্যাত কবিতা ‘তারানা-এ-হিন্দি’র একটি পঙ্‌ক্তির উল্লেখ। ১৯০৪ সালে লেখা ওই কবিতার বহুল পরিচিত পঙ্‌ক্তিটি হলো, ‘সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা।’ অর্থাৎ, ‘পুরো পৃথিবীর মধ্যে সেরা আমাদের হিন্দুস্তান।’

পরে গান হিসেবে রূপ পাওয়া ‘সারে জাহাঁ সে আচ্ছা’ ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগীত হয়ে ওঠে। এখনো এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলোর একটি। গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর ব্যান্ডেও গানটি বাজানো হয়।

কল্পনা চাওলার মহাকাশযাত্রায় ইকবালের কবিতা

ভারতের হরিয়ানা রাজ্যে জন্ম নেয়া নভোচারী কল্পনা চাওলা প্রথমবার মহাকাশে যান ১৯৯৭ সালের ১৯ নভেম্বর। যুক্তরাষ্ট্রের মহাকাশযান কলাম্বিয়ায় চড়ে ওই যাত্রা শুরু করেন তিনি।

২০০৩ সালে দ্বিতীয়বার মহাকাশযাত্রার সময় পৃথিবীতে ফেরার পথে মহাকাশযানটি ভেঙে পড়লে সহযাত্রীদের সাথে প্রাণ হারান চাওলা।

ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরালের জন্ম পাকিস্তানের বর্তমান ঝিলামে। তিনি উর্দু ভাষায় দক্ষ ছিলেন এবং কবিতার প্রতি বিশেষ অনুরাগ ছিল তার। ১৯৯৭ সালের মহাকাশযাত্রার সময় কলাম্বিয়ায় থাকা কল্পনা চাওলার সাথে কথোপকথনে তিনি ইকবালের কবিতার প্রসঙ্গ তোলেন।

গুজরাল বলেন, ‘আমাদের উপমহাদেশে অত্যন্ত পরিচিত একজন কবির একটি কথা আছে। তিনি ইকবাল।’

এরপর তিনি সেই একই কবিতার প্রথম পঙ্‌ক্তিটি আবৃত্তি করেন, যা প্রায় তিন দশক পর জিশান আলী চীনা সহযাত্রীদের সামনে বলবেন।

গুজরাল বলেন, ‘তারকারাজির ওপারেও আরো অনেক জগৎ রয়েছে। আর এখন আপনি সেসব জগৎ দেখেছেন। সেগুলো দেখে আপনার কেমন লাগছে?’

জবাবে চাওলা বলেন, ‘এটি এক অসাধারণ অনুভূতি... আপনি যা বলছেন, তা সত্যিই আক্ষরিক অর্থে বাস্তব হয়ে উঠেছে।’

তিনি আরো বলেন, ‘চারদিকে অন্ধকার আকাশের বিশাল গম্বুজ, আর সর্বত্র তারার মেলা। দৃশ্যটি অনেকটা রূপকথার বইয়ের মতো।’