
তুরস্কের ২৯ অক্টোবর 'প্রজাতন্ত্র দিবস' উপলক্ষে আয়োজিত বিশ্ব নেতাদের এক নৈশভোজ চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফোনে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের সাথে কথা বলেন। ফোনালাপে তারা চলতি সপ্তাহে অনুষ্ঠিত ‘অর্গানাইজেশন অফ তুর্কিক স্টেটস’ (ওটিএস)-এর শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা করেন।
তুরস্কের যোগাযোগ নির্দেশনালয় জানিয়েছে, নৈশভোজে উপস্থিত অন্যান্য বিশ্ব নেতাদের পক্ষ থেকে ট্রাম্পকে শুভেচ্ছা জানান এরদোগান। তিনি আরো উল্লেখ করেন যে, জোটের ১৩তম শীর্ষ সম্মেলনটি রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এরদোগান বলেন, ২০০ মিলিয়নেরও বেশি জনসংখ্যার মধ্য এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার অন্যতম প্রতীকে পরিণত হওয়া এই সংস্থাকে আরো এগিয়ে নেয়ার লক্ষ্যে সম্মেলনে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হবে।
যোগাযোগ নির্দেশনালয় আরো জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প এই শীর্ষ সম্মেলনের সাফল্য কামনা করে এরদোয়ানকে শুভকামনা জানান।
'তুর্কি শতক : ভাষা, চিন্তা ও কর্মে ঐক্য' শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার আঙ্কারায় অনুষ্ঠিত হচ্ছে ওটিএস-এর ১৩তম শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংহতি বৃদ্ধি করা এবং 'তুর্কি ওয়ার্ল্ড ভিশন ২০৪০' বাস্তবায়ন সংক্রান্ত কৌশল নিয়ে আলোচনা করা হবে।
২০০৯ সালে প্রতিষ্ঠিত 'অর্গানাইজেশন অফ তুর্কিক স্টেটস'-এর পূর্ণাঙ্গ সদস্য হিসেবে রয়েছে—তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান ও কিরগিজস্তান। এছাড়া তুর্কমেনিস্তান, হাঙ্গেরি, উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্র এবং ইকনোমিক কোঅপারেশন অর্গানাইজেশন (ইসিও) সংস্থাটিতে পর্যবেক্ষকের মর্যাদা ভোগ করছে।
সূত্র : আনাদুলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








