
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন। দুই নেতা নিউইয়র্কে বৈঠকে বসতে সম্মত হয়েছেন। দুই নেতা ফোনে কথা বলার পর এ সিদ্ধান্ত হয়েছে।
রাশিয়ার সাথে সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের অবসানে সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে এ বৈঠক ‘অনেক কিছু বদলে দিতে পারে’ বলে জানান জেলেনস্কি।
ওয়াশিংটন মস্কো ও কিয়েভের মধ্যে নতুন করে সরাসরি শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নেয়ার সময় এ বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।
সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রচেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে থমকে গেছে। এ সময় ওয়াশিংটন ইরানের সাথে চলমান সঙ্ঘাতের দিকে বেশি মনোযোগ দিয়েছে।
এদিকে, রাশিয়া ও ইউক্রেন উভয়েই পরস্পরের ওপর দূরপাল্লার হামলা জোরদার করেছে।
জেলেনস্কি ফেসবুকে এক পোস্টে বলেন, ‘আমি এইমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছি। এটি ছিল গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি।’
তিনি বলেন, ‘আমরা নিউইয়র্কে বৈঠকে সম্মত হয়েছি। বৈঠকটি অনেক কিছু বদলে দিতে পারে। কূটনৈতিক তৎপরতায় গতি এসেছে।’
অবশ্য জেলেনস্কির এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ট্রাম্পের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র : বাসস







