
নিখোঁজের দুই দিন পর নাটোরের বড়াইগ্রামের একটি ধানক্ষেত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিখোঁজ শিক্ষার্থী মো: হৃদয় আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বিলের একটি ধানক্ষেত থেকে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী জাফর আলীসহ কয়েকজন তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুলিশের সহায়তায় তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়।
উদ্ধার হওয়া মো: হৃদয় আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ মেসে থাকতেন।
এদিকে খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো: ফরিদুল ইসলাম ও প্রক্টর ড. মো: মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত বনপাড়ায় ওই হাসপাতালে ছুটে আসেন। তারা চিকিৎসকদের কাছ থেকে হৃদয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
নিখোঁজের স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরদিন শুক্রবার রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তে পুলিশ তার মোবাইলে সর্বশেষ অবস্থান রাজশাহী শহরের শিরোইল কলোনি এলাকায় শনাক্ত করেছিল।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে শিবপুর বিলের ধানক্ষেতে স্থানীয়রা হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানা পুলিশে খবর দেয়া হয়।
বনপাড়া আমিনা হাসপাতালের চিকিৎসক ডা: আনসারুল হক জানান, তার চিকিৎসা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, ওই শিক্ষার্থী এখনো কথা বলতে পারছেন না। এ কারণে কীভাবে তিনি এখানে এলেন, তা জানা সম্ভব হয়নি। রাজশাহীর মতিহার থানা ও বড়াইগ্রাম থানা পুলিশ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। তিনি সুস্থ হয়ে উঠলে বিস্তারিত জেনে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









