
‘স্যান্ডপেপারগেট’ বিতর্কের উত্তাপ না কমা পর্যন্ত শনিবার টেলিভিশন ধারাভাষ্যের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারকে। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার পুরো টি-টোয়েন্টি সিরিজেও ধারাভাষ্য দিতে পারবেন না অবসর নেয়া এই দুই ক্রিকেটার।
দুই সপ্তাহেরও বেশি আগে প্রকাশিত আত্মজীবনীতে খাজা দাবি করেন, ২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল বিকৃত করার পরিকল্পনার বিষয়ে পুরো দলই জানত। এরপর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন খাজা ও ওয়ার্নার।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, তার সহ-অধিনায়ক ওয়ার্নার এবং স্যান্ডপেপার ব্যবহারকারী ক্যামেরন ব্যানক্রফটকেই এ ঘটনায় দায়ী করা হয়েছিল।
ক্রিকেট অস্ট্রেলিয়া চাপে থাকা টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের প্রতি ‘সর্বসম্মত সমর্থন’ জানানোর পরই তাদের দু’জনকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় সম্প্রচার প্রতিষ্ঠান ফক্স স্পোর্টস।
কামিন্স দাবি করেছেন, কী ঘটছিল সে সম্পর্কে তিনি কিছুই জানতেন না। খাজার অভিযোগের পর থেকেই ব্যাপক চাপের মুখে রয়েছেন তিনি। প্রথমে ওয়ার্নার এবং পরে ব্যানক্রফটও খাজার দাবির প্রতি সমর্থন জানান।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ফক্স স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ ক্রাউলি বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে আগামী কয়েক সপ্তাহ উসমান ও ডেভি আমাদের সম্প্রচারের দায়িত্ব থেকে বিরত থাকবেন।’
তিনি আরো বলেন, ‘আমরা সবসময় আমাদের ধারাভাষ্য দলের সদস্যদের সমর্থন করি। ভিন্নমতের বৈচিত্র্যকে স্বাগত জানাই, যা আমাদের গ্রীষ্মকালীন ক্রিকেটের অন্যতম বৈশিষ্ট্য। তবে প্রতিটি নতুন মন্তব্যের জবাব দেয়ার জন্য তাদের ওপর যে চাপ তৈরি হচ্ছে, সেটিও আমরা বুঝতে পারছি।’
ক্রাউলি বলেন, ‘পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে খেলার দিকে মনোযোগ দেয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই অবস্থায় দুই ধারাভাষ্যকারকে এমন পরিস্থিতিতে রাখা অন্যায্য বলে আমরা মনে করি।’
‘আমরা পরিস্থিতির ওপর নজর রাখব।’
কবে তারা আবার ধারাভাষ্যে ফিরবেন, তা স্পষ্ট নয়। তবে শনিবার মেলবোর্নে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









