
নড়াইল-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ দলটির নেতাকর্মী ও হিন্দসহ অন্তত ৩০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
তবে পুলিশ বলছে, বেশির ভাগ আগুনের ছবি, ভিডিও পূর্বের ধারণ করা অথবা এআই দ্বারা নির্মিত। এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে গুজব ছড়ানো হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এই ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলযোগে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় সাবেক এমপি কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনের দিকে যাচ্ছিল। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করে। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে তারা দু’জনই মারা যান।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে মর্মে তথ্য প্রচার হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
তিনি জানান, পূর্বে ধারণকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিওচিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে। ঘটনাস্থল বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। পাশাপাশি হিন্দু সদস্যের কোনো পরিবারের ওপর বা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।
তিনি আরো জানান, বুধবার বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে শুক্রবার বিকেলে ভুক্তভোগীদের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হন। এ সময় তারা হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যান। তাৎক্ষণিকভাবে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি স্বাভাবিক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









