সাংবাদিক, ফুটবল,  পায়ের রগ, মামদানি,
ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাজির হয়েছেন জোহরান মামদানি। সংগৃহীত
ads

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি শুক্রবার সংবাদ সম্মেলনে ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাজির হয়েছেন। সাংবাদিকদের সাথে ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন ৩৫ বছর বয়সী এই মেয়র। স্বাভাবিকভাবে হাঁটতেও পারছেন না তিনি। চোটের কারণে পায়ের পেছনে গোড়ালির ঠিক ওপরের অ্যাকিলিস টেনডন নামের গুরুত্বপূর্ণ রগটি ছিঁড়ে গেছে।

এবিসি নিউজে প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে শুক্রবার (২০ নভেম্বর) এ খবর জানানো হয়। নিউইয়র্কের সিটি হলের সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার রাতে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন মামদানি। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তার চোটের কারণ জানতে চাইলে তিনি ম্যাচের ঘটনা খুলে বলেন।

অ্যাকিলিস টেনডন হলো পায়ের পেছনে গোড়ালির ঠিক ওপরের মোটা রগ। এটি পায়ের পেছনের পেশীর সাথে গোড়ালির হাড়কে যুক্ত করে। হাঁটা, দৌড়ানো ও লাফানোর মতো স্বাভাবিক কাজেও এই রগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি ছিঁড়ে গেলে পায়ে ভর দিয়ে চলাফেরা কঠিন হয়ে পড়ে। মামদানির ক্ষেত্রেও সেটিই হয়েছে।

কীভাবে এমন চোট পেলেন, সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ম্যাচের আগে শরীর গরম করার জন্য প্রয়োজনীয় ব্যায়াম বা স্ট্রেচিং করেননি। নিজের ভুলের কথা স্বীকার করে মামদানি বলেন, ‘আমি স্ট্রেচিং করিনি।’

তবে চোট পাওয়ার আগে গোল করার আনন্দ পেয়েছেন নিউইয়র্কের এই ফুটবলপ্রেমী মেয়র। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই একটি গোল করেন। কিন্তু গোল করার আনন্দে নিজের বয়সের কথা ভুলে গিয়েছিলেন বলে রসিকতা করে বলেন, ‘আমি যে ৩৫ বছর বয়সী, সেটাই ভুলে গিয়েছিলাম।’

ম্যাচের ফল নিয়েও সন্তুষ্ট মামদানি। তার দল সাংবাদিকদের দলকে হারিয়েছে বলে জানান তিনি।

এখন ছয় থেকে আট সপ্তাহ চিকিৎসা বুট পরে থাকতে হবে তাকে। এদিকে ফুটবল মাঠে ফিরতে পারবেন আরো প্রায় নয় মাস পর।