কাল্ট নেতা পল ম্যাকেঞ্জিকে
কাল্ট নেতা পল ম্যাকেঞ্জিকে। সংগৃহীত ছবি

কেনিয়ার বিতর্কিত কাল্ট নেতা পল ম্যাকেঞ্জিকে ১৯৯ জনের মৃত্যুর ঘটনায় মোট ২০০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মৃতদের মধ্যে ১৯০টি শিশুও রয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) একটি আদালত এ রায় ঘোষণা করে।  

Advertisement

উপকূলীয় শহর মোম্বাসার হাইকোর্টে রায় ঘোষণার সময় বিচারপতি ডায়ানা কাভেজা মোচাচে বলেন, ‘এই সাজাগুলো পর্যায়ক্রমে কার্যকর হবে, যার ফলে দোষী সাব্যস্ত ম্যাকেঞ্জিকে মোট ২০০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।’

‘গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ’-এর সাবেক ধর্মপ্রচারক ম্যাকেঞ্জিকে ১৯০টি শিশুর মৃত্যুর জন্য ১০০ বছরের কারাদণ্ড এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর জন্য আরো ১০০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

Advertisement

কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের শাকাহোলা জঙ্গলে অনাহারে থাকার কারণে মৃত্যুর ঘটনায় ১৯৯টি হত্যাকাণ্ডের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর এই রায় দেয়া হলো।

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অভিযোগ, ম্যাকেঞ্জি তার অনুসারীদের এমনভাবে প্রভাবিত করেছিলেন যে তারা খাবার গ্রহণ করা বন্ধ করে দেয় এবং নিজেদের ও তাদের সন্তানদের অনাহারে রাখেন। তাদের বিশ্বাস ছিল, এই উপবাস তাদের যিশু খ্রিস্টের আরো কাছাকাছি নিয়ে যাবে।

২০২৩ সালের এপ্রিল মাসে কর্তৃপক্ষ যখন প্রত্যন্ত ওই জঙ্গলে কবর থেকে লাশগুলো উদ্ধার করতে শুরু করে, তখন ঘটনাটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছিল।

কেনিয়ায় কাল্ট বা ধর্মীয় গোষ্ঠী-সংক্রান্ত ট্র্যাজেডিগুলোর মধ্যে এটি অন্যতম ভয়াবহ ঘটনা। 

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি