জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Advertisement

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা ফজলে রাব্বি বলেন, ‘আমরা নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ি টেক এলাকার সিম গ্রুপ টেক্সটাইলে আমি ফায়ার ইউনিটে কাজ করি। ঘটনার সময় আমরা অন্য সাইটে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ হয়। এবং বিস্ফোরণের পরে আগুনে চারজন দগ্ধ হয়। আমি তাদেরকে দ্রুত উদ্ধার করে রাত আনুমানিক ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে তাদের চারজনকে ভর্তি রাখা হয়েছে।’

দগ্ধরা হলেন নাইমুল (৩০), কামরুল (৫৫), ইসমাইল (৩০) ও তপন (৩৮)। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা: সুলতান মাহমুদ শিকদার দগ্ধদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দগ্ধদের মধ্যে নাইমুলের শরীরের ৪২ শতাংশ ফ্লেম বার্নসহ শ্বাসনালী পুড়ে গেছে (ইনহেলেশন ইনজুরি)। অন্য তিনজনের মধ্যে কামরুলের ২৫ শতাংশ, ইসমাইলের ২০ শতাংশ এবং তপনের ১২ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। এই তিনজনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার (সন্দেহজনক ইনহেলেশন ইনজুরি) আশঙ্কা করছি।’

তিনি আরো জানান, দগ্ধদের মধ্যে ৪২ শতাংশ পুড়ে যাওয়া নাইমুলের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের বিশেষ টিম কাজ করছে।