হাসিনাকে ইন্ডিয়া চায় থার্ড কান্ট্রিতে এক্সপোর্ট করতে
আসাদুজ্জামান রিপন।
ads

রাশিদুল ইসলাম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশে অগ্নিসংযোগ, হামলা, বোমাবাজি করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পেছনে ভারতের অনুমোদন রয়েছে বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছে অনেকগুলো লক্ষ্য নিয়ে। গার্মেন্ট শিল্প বন্ধ করার জন্য অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আগামী ডিসেম্বরে ইউরোপের সাথে ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার কথা রয়েছে। তার আগেই বাংলাদেশে গার্মেন্ট শিল্পে অচলাবস্থা সৃষ্টি করতে পারলে এ খাতের রফতানির সুযোগ চলে যাবে ভারতের হাতে। 
আন্তর্জাতিক পরিস্থিতি ও সম্পর্ক বিশ্লেষণ করে নয়া দিগন্তকে তিনি বলেন, হাসিনার পাসপোর্ট চাওয়া হচ্ছে তাকে তৃতীয় কোনো দেশে রফতানির জন্য। পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া তাকে অন্যদেশে পাঠাতে পারছে না। আর ভারতের অনুমোদন নিয়েই দেশের ভেতর হামলা, অগ্নিসংযোগ, থানায় অস্ত্র লুট, বোমাবাজি করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব করে ভীষণভাবে পলিটিক্যালি লস করেছে আওয়ামী লীগ। রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে ভবিষ্যৎ রাজনীতি করাও তাদের জন্য কঠিন হবে। তারা মনে করিয়ে দিচ্ছে আ’লীগ একটা সন্ত্রাসী দল।
প্রশ্ন : তাহলে ভারতে হাসিনার উপস্থিতি বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে?
আসাদুজ্জামান রিপন : অনেক লক্ষ্য রয়েছে ওদের। ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সাথে ফ্রি টু ট্রেড এগ্রিমেন্ট সাইন হবে ভারতের। তার আগে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে গেলে এখানকার অর্ডার শিফট হবে। 
প্রশ্ন :  গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে?
আসাদুজ্জামান রিপন : প্রফেসর ইউনূস সাহেবের ওপর পতিত স্বৈরাচার ও গোষ্ঠীর একটা ক্ষোভ আছে, এ ক্ষোভ থেকে তারা গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে হামলা চালাচ্ছে। শেখ হাসিনা তাকে সুদখোর এবং যা ইচ্ছা তাই বলতেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ইউনূসের প্রতি ক্ষোভ সৃষ্টির চেষ্টা তিনি গত ১৫ বছর ধরেই চালিয়েছেন। ফলে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাথার মধ্যে আছে ইউনূস সাহেব সুদখোর। গ্রামীণ ব্যাংক গরিবদের শোষণ করা ব্যাংক এসব কথাও হাসিনা বলেছেন আগে। অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর ইউনূস সাহেব আওয়ামী লীগকে কোনো ছাড় দেন নাই। ভারতের সাথে সম্পর্ক তাদের আকাক্সক্ষা অনুসারে নরমালাইজ করেন নাই, এসব কিছু মিলে ইউনূস সাহেবের ওপর তাদের ক্ষোভ আছেই। ইউনূস সাহেবের বাড়ি ঘরে হামলা এবং গ্রামীণ ব্যাংক টোটালটা একসাথেই দেখি। সোজা কথা ইউনূস সাহেবকে পুড়িয়ে ছাড়খার করে দাও। সেটা তার বাড়ি হোক, প্রতিষ্ঠান হোক ইত্যাদি ইত্যাদি।
প্রশ্ন : তাহলে গ্রামীণ অর্থনীতির একটা ভিতকে নড়িয়ে দেয়ার মতো এ হামলার লক্ষ্য কি না?
আসাদুজ্জামান রিপন : শুধু তাই না, গ্রামীণ ব্যাংকের ৯০ ভাগ শেয়ারহোল্ডার হচ্ছে নারীরা। তাদেরকে হোস্টাইল করে দিলো আওয়ামী লীগ আরো বেশি করে। ওই লোকগুলোর মধ্যেও আওয়ামী লীগের সমর্থক থাকতে পারে। গ্রামীণ ব্যাংকের সব লোকজন তো আর এন্টি আওয়ামী লীগ না। গ্রামীণ ব্যাংকের সদস্যদের অনেকে আওয়ামী সমর্থক থাকতেই পারেন। কিন্তু যখন তার প্রতিষ্ঠান পুড়ে যাবে, ছাই হয়ে যাবে বা তার ডকুমেন্টস থাকবে না, তখন তো তারা এটা ভালো চোখে দেখবে না। 
প্রশ্ন : জ্বালাও পোড়াও করে আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরে আসতে পারবে?
আসাদুজ্জামান রিপন : আওয়ামী লীগের এটা রং পলিসি, সন্ত্রাস করে পৃথিবীর কোথাও কেউ কামব্যাক করতে পারেনি। শ্রীলঙ্কায় প্রভাকরণ চূড়ান্ত সন্ত্রাস করেছে, প্রভারকরণরা নিশ্চিহ্ন হয়ে গেছে। জনগণ সন্ত্রাস পছন্দ করে না। মানুষ একটা স্থিতিশীল পরিবেশ চায়, মানুষ শান্তিতে থাকতে চায়। সে যখন বুঝে যে অর্থনীতি আরো খারাপ হয়ে যেতে পারে, কর্ম ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। সবকিছু মিলে সন্ত্রাস করে কেউ রাজনীতিতে ফিরতে পারে না। 
প্রশ্ন : তাহলে আওয়ামী লীগ কেন সন্ত্রাসকেই বেছে নিচ্ছে?
আসাদুজ্জামান রিপন : এটা বিয়ন্ড আওয়ামী লীগ। বিয়ন্ড আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট। দেশে যখন আওয়ামী লীগ ছাড়া ভোটের প্রস্তুতি হলো তখন তা ব্যাহত করার জন্য আওয়ামী লীগের কোনো অ্যাটেম্পট ছিল না। যেদিন শেখ হাসিনার দণ্ড ঘোষণা হলো সেদিনও আওয়ামী লীগ আনরেস্ট বা কোনো জ্বালাও পোড়াও করে নাই। প্রথম রায় তো ইউনূস সাহেবের জমানায় হয়েছে। তখন তারা কোনো জ্বালাও পোড়াও করেনি কিন্তু এখন কেন করছে, এটার দুটো কারণ আছে, একটা হচ্ছে যখন আওয়ামী লীগ দেখতে পেয়েছে শাসক দলের সাথে বিরোধীদলের মধ্যে একটা মতানৈক্য আছে। এবং তারা রোডমার্চ করে, আল্টিমেটাম দেয় ইত্যাদি। এই পরিস্থিতিতে তারা একটা মওকা খুঁজছে।
প্রশ্ন : এই সন্ত্রাসের পেছনে কোনো ইন্ধন রয়েছে?
আসাদুজ্জামান রিপন : ইন্ডিয়ান এনডোর্সমেন্টের বাইরে আওয়ামী লীগ এটা করে নাই। যেহেতু তারা ইন্ডিয়ার হাতে, যা কিছু করছে ইন্ডিয়ার অনুমোদনেই করছে। এ ধরনের অগ্নিসংযোগ, হামলা, বোমাবাজি করা বা হাসিনার পাসপোর্ট চাওয়ার মধ্যে কতগুলো নিয়ম আছে, তাকে তো ফর্মফিলাপ করতে হবে, তাকে ফি দিতে হবে, সে আর্জেন্ট চাচ্ছে নাকি নরমাল চাচ্ছে, এসব ফরমালিটিজ না করে তো পাসপোর্ট চাওয়া যায় না। ক্লিয়ারকাট। সুতরাং আওয়ামী লীগ বা মূলত শেখ হাসিনা প্রথম দফায় পাসপোর্ট চায় নাই। একটা নয়েজ বা রুজ করেছে নিজেকে আলোচনায় থাকার জন্য। দেশে আসার জন্য তো তার পাসপোর্টের প্রয়োজন নাই। বাংলাদেশী কোনো নাগরিকের বিদেশে পাসপোর্ট হারিয়ে গেলে সে পাসপোর্ট ছাড়া এক্সিট পাসপোর্ট নিয়েও আসতে পারে। পাসপোর্টের প্রশ্ন আসে কেন, তার মানে থার্ড কান্ট্রিতে ইন্ডিয়া তাকে এক্সপোর্ট করতে চায়। পাসপোর্ট ছাড়া যেটা সম্ভব হচ্ছে না। বিনা পাসপোর্টে তাকে কেউ নিতেও চাচ্ছে না। ইন্ডিয়াকে জানিয়েই আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে। ইন্ডিয়া যেদিন বলবে থেমে যাও সেদিন তারা থেমে যাবে।  
প্রশ্ন : অতীতে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী বাংলাদেশ সফরে এসে গ্রামীণ ব্যাংক সফর করেছেন, গ্রামীণ উন্নতি দেখেছেন, ভারতে ফিরে এ অভিজ্ঞতা তিনি কাজেও লাগিয়েছেন।
আসাদুজ্জামান রিপন : রাহুল গান্ধী কেন, খোদ আমেরিকায় তো গ্রামীণ ব্যাংক রয়েছে। ইউরোপে গ্রামীণের প্রতিষ্ঠান আছে। সমস্যা হচ্ছে ইউনূস সাহেব তাদের জন্য ট্রাবল ক্রিয়েট করেছে। ইউনূস সাহেব তো নিজে থেকে ক্ষমতায় আসেননি। পোলাপান তাকে নিয়ে এসেছে। জনগণ তাকে নিয়ে এসেছে। 
প্রশ্ন : মার্কিনীরা বিষয়টিকে কিভাবে নিবে?
আসাদুজ্জামান রিপন : আমেরিকা এসব ভালো চোখে দেখবে না। মার্কিন হাউজ রিপ্রেজেন্টেটিভদের বোথ হাউজে মানে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ। ইউজুয়ালি প্রফেসর ইউনূস সাহেবের সাথে তাদের সখ্যতা অনেক বেশি। তাদের একজন শুভ্যানুধায়ী, বন্ধুর প্রতিষ্ঠান, উদ্যোগে, আমেরিকায় গ্রামীণ একটা কনসেপ্টও বটে। 
প্রশ্ন : গ্রামীণ ব্যাংকের কনসেপ্ট তো বিশ্বের অনেক দেশ অনুসরণ করছে।
আসাদুজ্জামান রিপন : সেই কনসেপ্টের প্রতি যখন আঘাত আসবে পশ্চিমারা তা ভালো চোখে দেখবে না। এটার যে একটা বাজে প্রতিক্রিয়া হচ্ছে তার প্রমাণ হচ্ছে, টাইম ম্যাগাজিন, ইভেন ইকোনমিস্ট ম্যাগাজিন তারা তো শেখ হাসিনার শাসনামলকে ‘ন্যাস্টি রেজিম’ বলেছে। গার্ডিয়ান বলেছে ‘ডিসগ্রেস লেডি’ এবং টাইমও মন্তব্য করেছে। 
প্রশ্ন : দেশের বাইরেও প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটাচ্ছেন।
আসাদুজ্জামান রিপন : ইউরোপে নাহিদ ইসলামের ওপর হামলা করে, তাদের বিপক্ষে লোকজনের ওপর হামলা করে যে রাস্তাটা তৈরি করছে তা বিলেতের মেইন স্ট্রিম পলিটিক্সে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। ওখানকার মিডিয়াও এসব ভালো চোখে দ্যাখেনি। এ ঘটনার পরেই তো গার্ডিয়ান, টাইমস, ইকোনমিস্ট হাসিনার বিপক্ষে লেখা শুরু করছে। তারা বলছে বাংলাদেশের ডার্টি পলিটিক্স আমাদের রাস্তায় ফেলছে কেন? আমার রাস্তায়, আমার বাড়ির সামনে তোমার ময়লা কেন? পশ্চিমারা, আমেরিকানরা মাইন্ড করেছে। আওয়ামী লীগ পলিটিক্যালি প্রচণ্ডভাবে লস করেছে এসব করে। 
প্রশ্ন : তাহলে কি রিকনসিলেসনে আসতে পারত তারা?
আসাদুজ্জামান রিপন : রিকনসিলেশনের মধ্যে দিয়ে ভবিষ্যৎ রাজনীতি করাও তাদের জন্য কঠিন হবে। তারা মনে করিয়ে দিচ্ছে এই দলটা একটা সন্ত্রাসী। 
প্রশ্ন : কোনো ধরনের অনুশোচনাও তো নেই।
আসাদুজ্জামান রিপন : সরকার তো রিকনসিলেশন ঘোষণা করতে পারে না। রিকনসিলেশনটা হচ্ছে একটা বিচার প্রক্রিয়া হতে হয় আগে। মাস্টার বা মেইন যারা আছেন গুম, খুন, সন্ত্রাসের সাথে জড়িত তাদের আগে বিচার হবে। তারপর সলিমুদ্দিন, কলিমুদ্দিন টাইপের যেগুলো আছে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো নিয়ে আসলে তারা হয়তো বলবে, ম্যায় মাফি মাংতে হ্যায়, মাফ চাইতেছি ভাই, ভুল হইছে, এটা ঠিক হয়নি। আপত্তি না থাকলে তাকে ক্ষমা করে দেয়া হয় কিন্তু তার বিরুদ্ধে অভিযোগগুলো লিপিবদ্ধ থাকে। এটার নাম রিকনসিলেশন। 
প্রশ্ন : তাহলে রিকনসিলেশনে বাধা কোথায়?
আসাদুজ্জামান রিপন : আমাদের দেশের ‘গাড়ল’রা মনে করে রিকনসিলেশন হচ্ছে তারেক রহমান কালকে বলে দিবেন, আসেন বসেন ইত্যাদি। এভাবে তো রিকনসিলেশন হয় না। 
প্রশ্ন : সন্ত্রাসের বিরুদ্ধে রাজনৈতিক মোকাবেলার উপায় কি? সরকারি দল ও বিরোধীদলের মধ্যে কিছুটা গ্যাপ রয়েছে মনে হচ্ছে।
আসাদুজ্জামান রিপন : সন্ত্রাসের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষায় সকল পক্ষকে একাট্টা হয়ে আগাতে হবে। এর কোনো বিকল্প নাই। সংস্কার নিয়ে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যুক্তিও আছে বটে। 
প্রশ্ন : এসব বিষয় নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে কি আরো আলোচনার প্রয়োজন?
আসাদুজ্জামান রিপন : এগুলো নিয়ে ফরমাল ও ইনফরমাল আলোচনা হয়েছে, আরো হবে। বিরোধীদলের সাথে সরকারি দলের খুব বেশি মতপার্থক্য নাই। খুব সামান্য ডিফারেন্স। একটা জায়গায় শব্দটা ঠেকে আছে, সংস্কার আর সংশোধন। বাকিটা সবই ঠিক আছে মোটামুটি। এক শব্দে আটকে আছে বিরোধী দল ও সরকারি দলের মহব্বতের ব্যাপারটা।