
প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদত্যাগের পর এবার হিসাবপদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার তদন্তের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) নিউইয়র্ক টাইমস গোপন তদন্ত সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ওয়াল স্ট্রিট জার্নালও এ তদন্তের খবর প্রকাশ করে। তবে তদন্তের মূল বিষয় কী, তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।
তদন্ত শেষে এনভিডিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ ছাড়াই বিষয়টির নিষ্পত্তি হতে পারে।
সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাথে এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চীনে নিষেধাজ্ঞার আওতায় থাকা এআই চিপ পাঠানোর সন্দেহে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তদন্ত করছে। এ প্রেক্ষাপটে এনভিডিয়ার আর্থিক তথ্য প্রকাশের পদ্ধতি নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বছর এনভিডিয়া বিভিন্ন দেশে বিক্রির হিসাব প্রকাশের পদ্ধতিতে পরিবর্তন আনে। আগে গ্রাহকদের বিলিং ঠিকানা অনুযায়ী বিক্রির হিসাব দেখানো হতো। নতুন পদ্ধতিতে গ্রাহক প্রতিষ্ঠানের সদর দফতর যে দেশে, সেই দেশের হিসাবে বিক্রি দেখানো হচ্ছে।
এ পরিবর্তনের ফলে এনভিডিয়ার ভৌগোলিক বিক্রির হিসাব থেকে সিঙ্গাপুরের নাম বাদ পড়ে যায়, যদিও দেশটিতে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য ব্যবসা রয়েছে।
এসইসির তদন্তের সাথে হিসাব প্রকাশের এ পরিবর্তনের কোনো সম্পর্ক রয়েছে কি না, কিংবা সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের সাথে এর যোগসূত্র আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
চলতি মাসের শুরুতে বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর পদত্যাগ করেন হুয়াং। এসব সম্পর্কের মধ্যে অ্যালিস হুয়াং নামের এক নারীর সাথেও তার সম্পর্কের বিষয়টি সামনে আসে। অ্যালিস মেগাস্পিডের সাবেক একজন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, তিনি বেইজিংয়ের হয়ে কাজ করতেন।
তবে গুপ্তচরবৃত্তির এসব অভিযোগ অস্বীকার করেছে চীন। অন্যদিকে মেগাস্পিড জানিয়েছে, তারা আইন মেনেই ব্যবসা পরিচালনা করে।
হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছে। একইসাথে হুয়াংয়ের পদত্যাগের পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পর্ষদ।
বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি এনভিডিয়াকে ঘিরে সাম্প্রতিক এ অস্থিরতা বিনিয়োগকারীদের আস্থায় বড় ধরনের প্রভাব ফেলেছে। প্রতিষ্ঠানটির তৈরি উন্নত সেমিকন্ডাক্টর চিপ বিশ্বজুড়ে এআই প্রযুক্তির দ্রুত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শুক্রবার এনভিডিয়ার শেয়ারের দাম ১৪ শতাংশ কমে যায়। এতে সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারের মোট দরপতন ২০ শতাংশ ছাড়িয়ে যায়।
তবে এসব ঘটনার মধ্যেও শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াংকে আবারো প্রধান নির্বাহীর পদে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, জেনসেনকে দ্বিতীয়বারের মতো সুযোগ দেয়া হলে আমি খুব খুশি হব।’
তবে এনভিডিয়ার চেয়ারম্যান হার্ভি জোনস হুয়াংয়ের ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, পরিচালনা পর্ষদের সব সদস্য সর্বসম্মতিক্রমে হুয়াংয়ের পদত্যাগ গ্রহণ করেছেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









