নটর ডেম কলেজ
নটর ডেম কলেজের টিম। নয়া দিগন্ত
ads

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসঙ্ঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ঢাকার নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী প্রতিনিধি দল কপ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে সফলভাবে একটি সাইড ইভেন্ট আয়োজন করে।

নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি এবং নটর ডেম নেচার স্টাডি ক্লাবের মডারেটর ও সহকারী অধ্যাপক বিপ্লব কুমার দেবের নেতৃত্বে আট সদস্যের এই প্রতিনিধি দলটি সম্মেলনে অংশ নেয়। দলের শিক্ষার্থী সদস্যরা হলেন— মো: মেহেদী হাসান, অক্ষর কুমার বিশ্বাস, আল মুহাইমিন, জাহিন আব্দুল্লাহ, মাহামুদ কবির এবং নাফিজ সাদিক।

প্রতিনিধি দলটি বাংলাদেশ প্যাভিলিয়নে ‘এনাবলিং হাই স্কুল স্টুডেন্টস এনভায়রনমেন্টাল স্টিউয়ার্ডশিপ টুওয়ার্ডস মিটিগেশন অব ক্লাইমেট চেঞ্জ: এনডিএনএসসি-এসইই মডেল’ শীর্ষক সাইড ইভেন্টটি পরিচালনা করে। এতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের সচেতনতা, দায়িত্ববোধ ও বাস্তবভিত্তিক নেতৃত্ব বিকাশের একটি উদ্ভাবনী শিক্ষামূলক মডেল উপস্থাপন করা হয়।

কী এই এনডিএনএসসি-এসইই মডেল?
নটর ডেম নেচার স্টাডি ক্লাবের (এনডিএনএসসি) উদ্যোগে উদ্ভাবিত এই মডেলের পূর্ণরূপ হলো ‘নেচার-ড্রিভেন, নেইবারহুড–স্কুল–কমিউনিটি সাসটেইনেবল এনভায়রনমেন্টাল এডুকেশন’। এর মূল লক্ষ্য হলো প্রকৃতি, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে পরিবেশ শিক্ষাকে কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করা।

এই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা প্রথমে নিজ নিজ চারপাশের প্রকৃতি ও পরিবেশ পর্যবেক্ষণ করে। এরপর বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে পরিবেশগত সংকট সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং সবশেষে সেই জ্ঞান নিজ পরিবার ও সমাজে প্রয়োগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিনিধি দলের সদস্যরা ইতিমধ্যে দেশের শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে কর্মশালা, পোস্টার উপস্থাপনা এবং গল্প বলার মতো অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করেছেন।

প্যানেল আলোচনা ও বৈশ্বিক অভিজ্ঞতা
বাংলাদেশ প্যাভিলিয়নের প্যানেল আলোচনায় দেশের প্রতিনিধিত্ব ও মূল বক্তব্য উপস্থাপন করেন নটর ডেম কলেজের শিক্ষার্থী এবং এই মডেলের অন্যতম রূপকার মো: মেহেদী হাসান। আলোচনায় তিনি অস্ট্রেলিয়া, কানাডা ও আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ প্রতিনিধিদের সাথে জলবায়ু সঙ্কট মোকাবিলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ভূমিকা এবং পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মূল সাইড ইভেন্টের পাশাপাশি প্রতিনিধি দলটি কপ৩১ সম্মেলনের ব্লু ও গ্রিন জোনের বিভিন্ন অধিবেশনে অংশ নেয়। তারা স্বাগতিক তুরস্কসহ ফিনল্যান্ড, কিরগিজ প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করে এবং আন্তর্জাতিক জলবায়ু বিশেষজ্ঞ ও তরুণ নেতাদের সাথে মতবিনিময় করে।