উদ্ধারকৃত বোমা তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ আটক দু’জন
উদ্ধারকৃত বোমা তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ আটক দু’জন। নয়া দিগন্ত
ads

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে মিয়ানমার থেকে আনা বিপুল পরিমাণ বিস্ফোরক, আইইডি বোমা তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সঙ্ঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় দু’জন অটোরিকশার চালককে আটক করা হয়েছে।

তবে অভিযানের সময় একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

রোববার (২২ নভেম্বর) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকায় সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক দু’টি অটোরিকশা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

অভিযানে ১০৩টি আইইডি তৈরির খালি ধাতব কৌটা, প্রায় তিন কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, তিন কেজি ১৭২ গ্রাম গানপাউডার, বিভিন্ন ধরনের বিস্ফোরক দানা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, ১১ কেজির বেশি স্টিলের বল, প্রায় তিন কেজি পেরেক ও উন্নতমানের টুলস বক্সসহ বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, একটি দেশীয় একনলা বন্দুক ও ২৫৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

উদ্ধারকৃত বোমা তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র

 

এ ঘটনায় আটক দু’জন হলেন— টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার ইব্রাহিম ও নতুন পল্লানপাড়া এলাকার মেহেদী হাসান। তারা দু’জনই অটোরিকশাচালক।

বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক দু’জন দু’টি অটোরিকশায় করে অস্ত্র ও বিস্ফোরক পরিবহনের সাথে জড়িত ছিলেন। অভিযানের সময় তাদের সাথে থাকা একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়।

উদ্ধার অভিযানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন— মোটরসাইকেলে পালিয়ে যাওয়া তিন ব্যক্তির পরিচয় ও তাদের ভূমিকা নিয়ে। তারা কি এই বিস্ফোরক চালানের মূল নিয়ন্ত্রক, নাকি কোনো সঙ্ঘবদ্ধ চক্রের বাহক— তা এখনো নিশ্চিত নয়।

তাদের পরিচয় শনাক্ত, অবস্থান নির্ণয় ও আটকের বিষয়ে তদন্তের অগ্রগতি জানতে বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য প্রয়োজন। একইসাথে আটক দুই অটোরিকশাচালকের সাথে পলাতকদের যোগাযোগ এবং অস্ত্র-বিস্ফোরক পরিবহনের নির্দেশদাতা কারা, তা উদ্ঘাটন জরুরি হয়ে উঠেছে।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এতো বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় নাশকতার আশঙ্কা নতুন করে আলোচনায় এসেছে। বিজিবি অধিনায়কের বক্তব্য অনুযায়ী, দেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সঙ্ঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্র সংগ্রহ করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে কোনো রাজনৈতিক দল, সংগঠন কিংবা নির্দিষ্ট গোষ্ঠীর সাথে এই চালানের সরাসরি সম্পৃক্ততার তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ফলে রাজনৈতিক অস্থিরতার সাথে এ ঘটনার কোনো প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে কি-না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

অন্যদিকে টেকনাফ সীমান্ত দিয়ে কিভাবে এতো বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ দেশে প্রবেশ করল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সীমান্তের কোন পথ ব্যবহার করা হয়েছে, কারা চালানটি সংগ্রহ করেছে এবং দেশের ভেতরে কোথায় তা পৌঁছে দেয়ার পরিকল্পনা ছিল— এসব বিষয় তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।

বিশেষ করে আইইডি তৈরির বিপুল সরঞ্জাম ও বিস্ফোরক একসাথে উদ্ধারের ঘটনা সাধারণ অস্ত্র পাচারের চেয়ে ভিন্ন মাত্রার উদ্বেগ তৈরি করেছে। এসব সরঞ্জাম দিয়ে কী ধরনের বিস্ফোরক তৈরি করার পরিকল্পনা ছিল এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু কী ছিল, তা ফরেনসিক ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকের উৎস, চালানের গন্তব্য ও এর সাথে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তবে এই চালানের পেছনে থাকা মূল পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা, সীমান্তপারের সরবরাহকারী ও দেশের অভ্যন্তরে সম্ভাব্য গ্রাহকদের শনাক্ত করা না গেলে পুরো চক্রের রহস্য উন্মোচন কঠিন হবে।

টেকনাফে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এখন জনমনে একটাই প্রশ্ন— মিয়ানমার থেকে আনা এসব বিস্ফোরক কোথায়, কার স্বার্থে ও কী উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল? মোটরসাইকেলে পালিয়ে যাওয়া তিন ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতার করা গেলে এ ঘটনার নেপথ্যের অনেক অজানা তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।