সড়ক দুর্ঘটনা, মোহাম্মদ আরিয়ান, মালঞ্চ কমিউনিটি সেন্টার, নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাড়ির ধাক্কায় মৃত্যু
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর জনপদ মোড়ে গাড়ির ধাক্কায় মোহাম্মদ আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার ভোরে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান পটুয়াখালীর বাউফল উপজেলার রামগড় গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে। তিনি ফুটপাতে জুতা বিক্রি করতেন। তিনি বর্তমানে স্ত্রীকে নিয়ে ঢাকার যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজিরবাগ এলাকায় বসবাস করতেন।

আরিয়ানের আত্মীয় সোহাগ মিয়া জানান, আরিয়ান ফুটপাতে জুতা বিক্রি করতেন। ভোরে ব্যবসার কাজ শেষ করে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন। পরে স্থানীয় পথচারীরা আরিয়ানের মোবাইল ফোন থেকে তাকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আরিয়ানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সকাল ৬টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এক বছর আগে মিম নামের এক তরুণীকে বিয়ে করেন আরিয়ান। বর্তমানে তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ দেখার আগেই আরিয়ানের এমন মৃত্যুতে শোকাহত স্বজনেরা।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।