
স্ত্রীর কাছ থেকে স্বামীর চার মাসের বেশি দূরে থাকার বিধান ইসলামে নেই। এই চার মাস দূরে থাকতে হলে অবশ্যই স্বামী তার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে বলে উল্লেখ করেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজাহারী।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুয়ালালামপুরের রিসডা ফাইভ স্টার হোটেলের সুলতান আহমাদ শাহ বহুতল অডিটোরিয়ামে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার উদ্যেগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কিন্তু প্রবাসী শ্রমিক কর্মচারীদের চার মাস পর পর ছুটি পাওয়া যেমন অসম্ভব, তেমনি ছুটি পেলেও প্রতিমাসে বিমান ভাড়া দিয়ে দেশে যাওয়া সম্ভব না— এ প্রশ্ন করা হলে ড. আজাহারী বলেন, ‘বিভিন্ন পরিস্থিতিতে বা বিশেষ জরুরি প্রয়োজন ও প্রবাসী কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাস দূরে থাকতে পারবেন।’
অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ। এসময় তিনি প্রবাসী ও তাদের পরিবারের ইসলামের আলোকে জীবন গঠন করার নিমিত্তে উপস্থিত দর্শকের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন।
হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লিংকন ইউনিভার্সিটির সাঈদ বিন মনসুর, অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন আইন গ্রুপের চেয়ারম্যান অনুষ্ঠানের টাইটেল স্পন্সর দাতু সেরি হাজী হাসান আলী, মোশাররফ হেসেন মিয়াজী, শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ইয়ুথ কমিউনিটির সাধারণ সম্পাদক মো: রমজান।
এছাড়াও আরো সম্মানিত বিভিন্ন ব্যক্তিবর্গ সম্মেলন বাস্তবায়ন করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
এসময় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার আক্তার হোসেন, খান তরিকুল, হাসান মো: মাহমুদুল, বাসেত মোল্লা, হাবিবুর রহমান জুয়েলসহ আট শতাধিক প্রবাসী বাংলাদেশী। সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ ইয়ুথ কমিউনিটির সভাপতি মোহাম্মদ রাজু।








