বাংলাদেশ খেলাফত আন্দোলনের কাউন্সিল অনুষ্ঠিত
ads

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের প্রত্য ভোটে আল্লামা আবু জাফর কাসেমী আমিরে শরিয়ত ও মুফতি ফখরুল ইসলাম মহাসচিব নির্বাচিত হয়েছেন। একই সাথে সংগঠনের গঠনতন্ত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী অনুমোদন করা হয়েছে।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশ থেকে আগত মজলিসে শূরার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রস্তাবের ভিত্তিতে সংগঠনের সাংগঠনিক কাঠামো, নেতৃত্বের দায়িত্ব বণ্টন, বিভিন্ন পরিষদের সদস্যসংখ্যা এবং কেন্দ্রীয় কমিটির মেয়াদে পরিবর্তন আনা হয়। এসব সংশোধনীর মাধ্যমে সংগঠনের সাংগঠনিক পরিধি বাড়ানো ও কার্যক্রমকে আরো গতিশীল করার উদ্যোগ নেয়া হয়েছে।
সংশোধিত গঠনতন্ত্রের ১৪ নম্বর ধারার ‘ঘ’ উপধারায় আমিরে শরিয়তের অনুপস্থিতিতে সিনিয়র নায়েবে আমির দায়িত্ব পালন করবেন বলে বিধান যুক্ত করা হয়েছে। একই ধারায় মহাসচিবের অনুপস্থিতিতে সিনিয়র যুগ্ম মহাসচিব দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়েছে।
গঠনতন্ত্রের ১৫ নম্বর ধারায় কেন্দ্রীয় সংগঠনের পরিষদগুলোর কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে। এ ধারার ১ নম্বর উপধারার ‘ক’ অনুযায়ী, মজলিসে শূরার সদস্যসংখ্যা ২০১ থেকে বাড়িয়ে ৩১৩ করা হয়েছে। একই ধারার ২ নম্বর উপধারা অনুযায়ী, মজলিসে আমেলার সদস্যসংখ্যা ৪০ থেকে বাড়িয়ে ১৫১ জন নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া গঠনতন্ত্রের ৩৯ নম্বর ধারার ‘ক’ উপধারায় মজলিসে আমেলার মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে। ৪৫ নম্বর ধারার ‘ক’ উপধারাও কাউন্সিলের সদস্যদের মতামতের ভিত্তিতে সংশোধন করা হয়েছে।
কেন্দ্রীয় কাউন্সিলে মজলিসে শূরার সদস্যদের ভোটে নির্বাচিত আমিরে শরিয়ত ও মহাসচিবসহ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত চার বছর দায়িত্ব পালন করবে। নির্বাচিত নেতৃত্বের অধীনে সংগঠনের আগামী দিনের কার্যক্রম পরিচালিত হবে। কাউন্সিল শেষে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির শপথ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।