
নয়া দিগন্ত ডেস্ক
দেশে হাম ও রোগটির উপসর্গ নিয়ে মৃত্যু থামছেই না। দেশেও গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।
সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট এক হাজার ৩৮৯ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ২৮৩ জন আর রোগটি শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৬ জন। স্বাস্থ্য অধিদফতরের রোববারের বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২৩৩, চট্টগ্রামে ১৩২, ময়মনসিংহে ১০০, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৫ এবং রংপুর বিভাগে ২০ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে এক হাজার ২৬৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৭৯ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২২০ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩৬৮, চট্টগ্রামে ২২৭, সিলেটে ১৪০, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ১৫৯, খুলনায় ১১৭, রাজশাহীতে ৪৪ এবং রংপুরে ৩০ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৭ হাজার ৬৪৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ২৮ হাজার ৪৯৫ জন।
সিলেটে হামে আরো ১ শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা ৪ দিনে আট শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় সিলেটে এক শিশুর মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছেন ২৫ জন এবং উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১৪০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৮ জন।
রোববার (২৯ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী তিন বছর ৯ মাস বয়সী শিশু সুলেমান মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা একহাজার ৯৬০ জনে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ৩০৪, মৌলভীবাজারে ১৭২ এবং সুনামগঞ্জে ৯৯৮ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৪০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৭, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২, হবিগঞ্জ সদর হাসপাতালে ৫ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫, মৌলভীবাজার সদর হাসপাতালে ৫ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন হাম রোগী ভর্তি হয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









