ক্রীড়া প্রতিবেদক
দলবদল শেষ হওয়ার এক দিন পরেই শুরু নারী ফুটবল লিগ। ঠিকমতো অনুশীলনও শুরু করা হয়নি। এই অবস্থায় আজ থেকে শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। ১১ দলের এই লিগ আবার শেষ হবে এক মাসের মধ্যেই। দিনে পাঁচটি করে খেলা রাখা হয়েছে। ছয় দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খেলা থাকবে মাঠে। এর পরও এই লিগ বেশ জমজমাট এবং আকর্ষণীয় হবে এমন প্রত্যাশা সবার। কারণ অঘোষিত পুল থাকায় জাতীয় দলের খেলোয়াড়রা বিভিন্ন দলে ভাগ হয়ে খেলছেন। তাই এবার চার-পাঁচটি দল শিরোপার লড়াই করতে যাচ্ছে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেড এবং নবাগত বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের লিগের। সন্ধ্যা পৌনে ৬টায় নবাগত বিকেএসপি খেলবে চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির বিপক্ষে। ৩০ জানুয়ারি শেষ হবে লিগ। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় চলে যাবে এশিয়ান কাপের প্রস্তুতির জন্য। বাফুফে সদস্য এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, অস্ট্রেলিয়ায় গিয়ে সেখানে দুই প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
এবারের লিগের চার নবাগত দল। এগুলো হলো- বাংলাদেশ পুলিশ, বিকেএসপি, রাজশাহী স্টারস ও আনসার ও ভিডিপি। বিগ বাজেটের দলই গড়ছে রাজশাহী স্টারস। তবে পুলিশ ছাড়া আর কোনো দলই সংবাদ সম্মেলন করে দলের পরিচিতি প্রকাশ করেনি। কাল ডেমরা পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে পুলিশ নারী ফুটবল দল। তখন দলের ম্যানেজার উপকমিশনার কাজী নাসরিন এদিব লুনা কোচ হিসেবে নাম ঘোষনা করেন ওয়ালী ফয়সালের। জাতীয় দলের সাবেক এই লেফট ব্যাক এবারই কোনো শীর্ষ দলের হেড কোচ হলেন। সংবাদ সম্মেলনে ওয়ালী জানান, কোচ হিসেবে কাজ করাটা চ্যালেঞ্জ। আমি আশাবাদী যে প্রতিভাবান খেলোয়াড়রা আছেন তারা পুলিশ দলকে ভালো রেজাল্ট এনে দিতে পারবে।’ এরপরই উল্লেখ করেন, ‘যেহেতু দল বদলের পরপরই লিগ তাই পুরো দলকে বুঝতে এবং তারা কতদূর যেতে পারবে তা কয়েক ম্যাচ পর বুঝা যাবে।’ তবে তার ফুটবলাররা সবাই রেডি বলে জানান তিনি। পুলিশ দলের বড় তারকা জাতীয় দলের স্ট্রাইকার মোসাম্মৎ সাগরিকা ও মিডফিল্ডার সানজিদা আক্তার। আছেন আইরিন, কোহাতি কিসকু, সুরমা জান্নাতরা। কে দলটির অধিনায়ক হবেন তা আজ ঘোষণা করা হবে বলে উল্লেখ করলেন ম্যানেজার নুসরাত এদিব লুনা। গত লিগে রানার্সআপ আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাবের হয়ে ১৬ গোল করেছিলেন সাগরিকা। এবার তার লক্ষ্য ২০ বা ততধিক গোল করা। আগামীতে নারী ফুটবলারদের পুলিশে চাকরির ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন লুনা।
এবারের লিগে আরো অংশ নিচ্ছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ, ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব, কাচারিপাড়া একাদশ, শুদ্ধ পুষ্করণী যুব স্পোর্টিং ক্লাব এবং গত লিগের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি। এদের মধ্যে রাজশাহী স্টারসে ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা, আফঈদা খন্দকার প্রান্তি, শাহেদা আক্তার রিপা, শিউলী আজিম, স্বপ্না রানী, মুনকি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি, আলপি আক্তাররা আছেন। জাতীয় দলের সাবেক ডিফেন্ডার রাকসুর ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন এবং ডাকসুর হল সংসদের নেত্রী রেহেনা আক্তারও আছেন এই দলে। আনা হচ্ছে এক নেপালী ডিফেন্ডার ও মিডফিল্ডারকে। তারা যেমন এবারের লিগে শিরোপার দাবিদার তেমনি ফরাশগঞ্জও শক্তিশালী দল হয়ে গেছে। জাতীয় দলের মারিয়া মাণ্ডা, মণিকা চাকমা, বড় শামসুন্নাহার, ছোট শামসুন্নাহার এবং তহুরা খাতুন এবার বুড়িগঙ্গা পাড়ের দলে খেলছেন। তাদের গোলরক্ষক ইয়ারজান বেগম। তাদের দলে দুইজন নেপালীও আছেন।
জাতীয় দলের উমেলা মারমা, ক্রানুচিং মারমা, পূর্ণিমা মারমা, মালাথুই , মামনি চামকা, সুরভী রানীদের নিয়ে দল গড়েছে বাংলাদেশ আনসার। উমেলা পাচ্ছেন নেতৃত্ব। দলের কোচ সু হ্লা মং জানান লিগে সেরা পাঁচে থাকতে চান তারা।
জাতীয় দলের অর্পিতা বিশ্বাস, শান্তি মার্ডিরা যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী দলে। এ ছাড়া উন্নতি খাতুন, মাহফুজারা এই দলের খেলোয়াড়। তারাও শক্তিশালী দল।
এ দিকে বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন অ্যাকাডেমি বাংলাদেশী বংশোদ্ভূত এক অস্ট্রেলিয়ানকে নিতে যাচ্ছে।



