
রাজশাহী ব্যুরো
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতার স্বাদ পেয়েছিল। তিনি দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা আমাদের মূল অনুপ্রেরণা। গতকাল দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ফাইয়াজ ও ওয়াসিম আকরামসহ বীর শহীদদের স্মরণ করে রিজভী বলেন, যারা ন্যায়ের পক্ষে এবং দেশের স্বাধীনতা রক্ষায় লড়াই করে শহীদ হন, তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন। তাদের কখনো মৃত্যু হয় না।
রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল। সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোফাককারুল ইসলাম, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম। এ সময় বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








