সংবিধান সংস্কার আর সংশোধন এক নয় : মামুনুল হক

 সাভার (ঢাকা) সংবাদদাতা
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সংবিধান  সংশোধন আর সংস্কার এক কথা নয়। বিএনপি জনগণকে বোকা বানানোর পাঁয়তারা করছে। তারা সংবিধান সংশোধনের মাধ্যমে রক্তে অর্জিত জুলাই বিপ্লবকে অর্থহীন করে দিতে চায়। জনতার এই বিজয়ের প্রকৃত উদ্দেশ্যকে ব্যর্থ করে দিতে চায়। তাই বিএনপি সংবিধান সংস্কার করতে চায় না। অথচ বেগম জিয়ার নেতৃত্বে বিএনপির ৩১ দফার ইশতেহারের প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার। 
গতকাল বিকেলে সাভার মডেল মসজিদের সামনে সারা দেশে সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূলে কার্যকর পদক্ষেপসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।  
দলের ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমীর সভাপতিত্বে মামুনুল হক আরো বলেন, ফ্যাসিবাদীরা দেশে  ফিরে আসার চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তা রুখে দেবে। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এ ক্ষেত্রে সরকারি দল, বিরোধী দল এক কাতারে দাঁড়াতে হবে।  শেখ হাসিনা শাপলা চত্বরের খুনি, চব্বিশের খুনি, আগুন সন্ত্রাসী, লেডি কিলার হিসেবে কুখ্যাতি অর্জন করে দেশ থেকে বিতাড়িত হয়ে মোদির দেশে আশ্রয় নিয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই। শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে মামলার রায় হয়েছে, সেটা কার্যকর করা হবে। দেশবাসী হাসিনার বিচারের রায় কার্যকর দেখতে চায়। 
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, ঢাকা জেলা উত্তরের সহসভাপতি মুফতি শাহেদ জাহিরী, মুফতি সুলতান মাহমুদ, মুফতি মাহমুদুল হাসান আওলাদ, ঢাকা জেলা উত্তরের সাধারণ স¤পাদক  মুফতি ফারুক হোসাইন, যুগ্ম সাধারণ স¤পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisement