এমপি সেলিমের বক্তব্যের নিন্দা রামগঞ্জ জামায়াতের

Printed Edition

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাংবিধানিক অধিকার ক্ষুণœ করার অভিযোগ তুলে বিভিন্ন মহল থেকে তার বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দলের পক্ষে উপজেলা আমির মুহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী তাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে পর্দা প্রথা এবং টুপি-পাঞ্জাবি পরিহিত ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে এমপি সেলিমের কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, তিনি বোরকা পরিহিত নারী ও সুন্নাহ অনুসারীদের ‘মৌলবাদী’ ও ‘পিছিয়ে পড়া’ হিসেবে আখ্যায়িত করেছেন, যা সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে।

এর আগে গত ১৩ মার্চ একটি মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে ইমামদের রাজনীতি নিয়ে বিতর্কিত বক্তব্য দেন তিনি। সেখানে তিনি বলেন, কোনো ইমাম রাজনীতিতে যুক্ত থাকতে পারবেন না, থাকলে তাকে মসজিদ থেকে বের করে দেয়া হবে। একজন জনপ্রতিনিধির মুখে এমন বক্তব্য নাগরিক অধিকারের পরিপন্থী।

বিক্ষুব্ধ নাগরিকরা বিবৃতিতে বলেন, একজন সংসদ সদস্যের দায়িত্ব সমাজে সম্প্রীতি বজায় রাখা। কিন্তু তার অসংযত ও বিভাজনমূলক বক্তব্য জনমনে অস্থিরতা তৈরি করছে। অবিলম্বে এই বক্তব্যের জন্য তাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় শান্তিপূর্ণ উপায়ে এর উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।