
তুরস্কের আন্তালিয়ায় জাতিসঙ্ঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন দিনের সরকারি সফর বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে নতুন গতি যুক্ত করেছে। ১০-১২ নভেম্বরের এই সফরে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের দাবি বিশ্বনেতাদের সামনে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। একাধিক দেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হয়েছে। তবে কূটনৈতিক দৃশ্যমানতাকে বাস্তব অর্থ, প্রযুক্তি ও বিনিয়োগে রূপ দেয়া এখন বড় চ্যালেঞ্জ।
জলবায়ু ন্যায়বিচার ঘিরে অবস্থান
বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে বাংলাদেশের দায় শূন্য দশমিক ৫ শতাংশের কম। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি। এ প্রেক্ষাপটে ১২ নভেম্বর সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী পাঁচটি জরুরি প্রস্তাব তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দ, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ-ত্রাণ ব্যবস্থা, জলবায়ুবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা এবং ন্যায়সঙ্গত রূপান্তরে প্রস্তাবিত ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল সুর ছিল— জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন অনুদান, বাড়তি ঋণ নয়। বিদ্যমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা উন্নয়নশীল দেশের চাহিদা ও অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত করে না বলেও যুক্তি দেন তিনি। একই সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা হাতে হাত রেখে এগিয়ে নেয়ার অঙ্গীকারের কথা জানান। বাংলাদেশের নিজস্ব উদ্যোগগুলোও তিনি তুলে ধরেন। ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়া এবং চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য আছে। পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং উপকূল সুরক্ষায় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের পরিকল্পনাও আছে। প্রায় ৩০০টি এলইইডি-সনদপ্রাপ্ত তৈরী পোশাক কারখানা, পরিবেশবান্ধব পাটজাত পণ্য এবং জাতীয় কার্বন-বাণিজ্য কাঠামো গড়ার উদ্যোগ সবুজ রূপান্তরের উদাহরণ হিসেবে উঠে আসে। ফলে বাংলাদেশের জলবায়ু বক্তব্য সাধারণ সহায়তার আবেদনের গণ্ডি ছাড়িয়ে অভিযোজন অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, ঋণ টেকসইতা ও ন্যায্য জ্বালানি রূপান্তরের নির্দিষ্ট দাবিতে রূপ পেয়েছে— যা ভবিষ্যৎ আলোচনায় কূটনৈতিক কাঠামো হিসেবে কাজ করবে।
বিশ্বনেতাদের সাথে বৈঠক : সম্ভাবনার নতুন দ্বার
সফরের অন্যতম আকর্ষণ ছিল ১০ নভেম্বর আন্তালিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে প্রধানমন্ত্রীর মিনিট ত্রিশের বৈঠক। পররাষ্ট্রমন্ত্রীসহ আলোচনায় রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও আন্তর্জাতিক বিষয় প্রাধান্য পায়। মুসলিম বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়েও কথা হয়। প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেন। উৎপাদন, অবকাঠামো, প্রতিরক্ষা-সংশ্লিষ্ট শিল্প, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহযোগিতার ক্ষেত্র হতে পারে। এটি দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের রাজনৈতিক ভিত্তি শক্তিশালী করেছে।
১১ নভেম্বর চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সাথে বৈঠকে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগের ওপর বিশেষ জোর দেয়া হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের কাছে প্রধানমন্ত্রী বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে সহযোগিতা চান। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ব্রিটিশ কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। জলবায়ু অভিযোজন উদ্যোগ, অভিবাসন ও অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সাথে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা সহজীকরণ ও বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে কথা হয়। উজবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানান; নতুন বছরে সফরের আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এতে বাণিজ্য, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ার সম্ভাবনা আছে।
প্রধানমন্ত্রী ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ও লন্ডনের মেয়র সাদিক খানের সাথেও তার বৈঠক হয়। সিরীয় প্রেসিডেন্ট পুনর্গঠন, বিনিয়োগ ও দক্ষ জনশক্তি খাতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনী ম্যান্ডেটের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও ইউরোপের দেশগুলোর সাথে এই যোগাযোগ বাংলাদেশের কূটনৈতিক দৃশ্যমানতা বাড়িয়েছে।
পরিবেশ কূটনীতিতে ড. জুবাইদা রহমানের অংশগ্রহণ
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ড. জুবাইদা রহমানের উপস্থিতি সফরে পরিবেশগত ও কূটনৈতিক মাত্রা যোগ করেছে। ১২ নভেম্বর আন্তালিয়ার রেগনাম হোটেলে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী ও বিশিষ্ট অতিথিদের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজে তুর্কি ফার্স্টলেডি এমিনে এরদোগানের সাথে সৌজন্য বিনিময় করেন ড. জুবাইদা। এরপর দু’জন একসাথে ‘জিরো ওয়েস্ট মিউজিয়াম’ উদ্বোধন করেন। এমিনে এরদোগান ২০১৭ সালে জিরো ওয়েস্ট আন্দোলন শুরু করেছিলেন। জিরো ওয়েস্ট ব্যবস্থাপনাবিষয়ক পার্শ্ব অনুষ্ঠানে ড. জুবাইদা বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের সরকারি উদ্যোগ তুলে ধরেন। সেই সাথে আন্তর্জাতিক কারিগরি সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।
সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়নে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ও দেশের পরিবেশ সংরক্ষণ উদ্যোগের উপস্থাপনা ছিল। পাটকে প্লাস্টিক ও কৃত্রিম উপাদানের জৈব-বিয়োজ্য বিকল্প হিসেবে তুলে ধরার এই সুযোগ আন্তর্জাতিক বাজার ও বিনিয়োগের নতুন পথ খুলতে পারে।
সম্মেলনের বাস্তবতা : দাবি ও প্রাপ্তির ব্যবধান
আন্তালিয়ার আলোচনায় অভিযোজন অর্থায়ন নিয়ে ধনী ও দরিদ্র দেশের বিভাজন স্পষ্ট। কপ-৩০-এ ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত তিনগুণ করার অঙ্গীকার হয়েছিল। কিন্তু এই নিয়ে আলাদা অ্যাজেন্ডা রাখার আফ্রিকার দেশগুলোর প্রস্তাব ধনী রাষ্ট্রগুলোর আপত্তিতে বাদ পড়েছে। এলডিসি গ্রুপ ও জি-৭৭ এতে হতাশা প্রকাশ করেছে। কোন সাল বা কত অঙ্কের ভিত্তিতে তিনগুণ হিসাব হবে, তা নিয়েও মতভেদ আছে। জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উন্নত থেকে উন্নয়নশীল দেশে সরকারি অভিযোজন অর্থায়ন ছিল ২৮-৩২ বিলিয়ন ডলার। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোর বার্ষিক অভিযোজন চাহিদা ৩০৫ বিলিয়ন ডলার পর্যন্ত বলে উল্লেখ করা হচ্ছে। জাতিসঙ্ঘ মহাসচিব বলেছেন, অভিযোজন অর্থায়ন তিনগুণ হলেও প্রকৃত চাহিদার ৩০ শতাংশেরও কম পূরণ হবে। কপ-৩১ চলবে ২০ নভেম্বর পর্যন্ত; তাই চূড়ান্ত সিদ্ধান্তে ভিত্তিবছর ও পরিমাপপদ্ধতি কী দাঁড়ায়, তা বাংলাদেশের জন্য নির্ধারক হবে।
বাংলাদেশ আরো কী অর্জন করতে পারে
প্রথমত, অনুদানের দাবি তথ্যভিত্তিক করা দরকার। পরিবেশ মন্ত্রণালয়ের হিসাবে জলবায়ু পরিবর্তনে দেশের বার্ষিক অর্থনৈতিক ক্ষতি ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার। চেঞ্জ ইনিশিয়েটিভের এক গবেষণা অনুযায়ী, জ্বালানি খাতের জলবায়ু অর্থায়নের প্রায় নয়-দশমাংশ এসেছে উচ্চ সুদের ঋণ হিসেবে; প্রতি এক ডলার অনুদানের বিপরীতে এসেছে ২ দশমিক ৭০ ডলার ঋণ। আন্তর্জাতিক দর-কষাকষিতে এই তথ্য বাংলাদেশের শক্ত হাতিয়ার হতে পারে।
দ্বিতীয়ত, এলডিসি উত্তরণ ও জলবায়ু ঝুঁকি আলাদা করে দেখাতে হবে। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের নির্ধারিত তারিখ ২৪ নভেম্বর, যার সাথে বাণিজ্য-সুবিধা ও রেয়াতি অর্থায়ন হারানোর আশঙ্কা জড়িত। নাগরিক সমাজ বলছে, এলডিসি উত্তরণ মানে জলবায়ু ঝুঁকি থেকে উত্তরণ নয়। তাই আয়ের বদলে ঝুঁকির সূচকে অর্থায়ন বরাদ্দের দাবিতে ভুটান, নেপালসহ সমমনা দেশগুলো নিয়ে জোট গড়া জরুরি। জলবায়ুবিজ্ঞানী আতিক রহমানও বাংলাদেশকে শুধু জাতীয় স্বার্থ নয়, এলডিসি ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মিলিত দাবির পক্ষে দাঁড়াতে বলেছেন। তৃতীয়ত, ক্ষয়ক্ষতি তহবিলে সরাসরি প্রবেশাধিকার সহজ করতে হবে। অনুমোদন প্রক্রিয়া সরল করা, প্রকল্প নকশায় কারিগরি সহায়তা পাওয়া এবং গ্রিন ক্লাইমেট ফান্ডে সরাসরি প্রবেশের সক্ষমতা বাড়ানো দরকার।
চতুর্থত, ঋণের ফাঁদ এড়াতে হবে। সিপিডির এক গবেষণায় সতর্ক করা হয়েছে, বহিঃঋণ পরিশোধের তারল্য সূচক ইতোমধ্যে টেকসই সীমা ছাড়িয়েছে; জলবায়ু ক্ষতি যুক্ত হলে চাপ আরো বাড়বে। পঞ্চমত, নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামো গড়ে তোলা। বিশ্লেষকদের হিসাবে, ২০৩৫ সালের মধ্যে সৌরবিদ্যুৎ ৮ দশমিক ৫ গিগাওয়াটে পৌঁছাতে পারে। তবে এর জন্য ব্যাটারি সংরক্ষণ ও আধুনিক গ্রিড দরকার, যা বিদেশী অর্থ ও প্রযুক্তির ওপর বহুলাংশে নির্ভরশীল।
ভবিষ্যতে করণীয়
১. তুরস্ক, চীন ও উজবেকিস্তানের সাথে আলোচনা সময়সীমাসহ সমঝোতা স্মারকে রূপ দিতে হবে— বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও শিল্প বিনিয়োগে। ২. সরকারি-বেসরকারি-বিশেষজ্ঞ সমন্বয়ে স্থায়ী জলবায়ু অর্থায়ন সেল গঠন করে প্রতিশ্রুতি ও অর্থছাড় নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। ৩. জাতীয় কার্বন-বাণিজ্য কাঠামো স্বচ্ছতা ও স্থানীয় জনগোষ্ঠীর অংশীদারত্ব নিশ্চিত করে চূড়ান্ত করতে হবে। ৪. পাট ও পরিবেশবান্ধব পণ্যকে ‘টেকসই বিকল্প’ হিসেবে রফতানি বাজারে ব্র্যান্ডিং করা দরকার। ৫. নারী, উপকূলীয় ও স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন প্রকল্পকে অগ্রাধিকার দিতে হবে। ৬. রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক চাপ বজায় রাখতে জলবায়ু সঙ্কটের সাথে এর যোগসূত্র— যেমন ক্যাম্প এলাকার পরিবেশগত ক্ষতি— আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা যায়।
শেষ কথা
সামগ্রিকভাবে এ সফর জলবায়ু কূটনীতির সাথে অর্থনৈতিক সম্পৃক্ততা ও রাজনৈতিক যোগাযোগের সমন্বয়ের সুযোগ এনে দিয়েছে। কিন্তু প্রস্তাব ও আলোচনা দীর্ঘমেয়াদি ফলোআপ ছাড়া বাস্তব সহায়তা, বিনিয়োগ ও সহযোগিতায় রূপ নেবে না। জলবায়ু-ঝুঁকিপূর্ণ ও অর্থনৈতিক চাপে থাকা দেশ হিসেবে বাংলাদেশের সামনে এখন প্রধান কাজ আন্তালিয়ায় অর্জিত যোগাযোগ, নীতিগত প্রস্তাব ও আগ্রহের প্রকাশকে জনগণের জন্য বাস্তব সুফলে রূপান্তর করা। এ জন্য সম্মেলনের পর দায়বদ্ধতার একটি সুনির্দিষ্ট পথনকশা অপরিহার্য।
লেখক : সিনিয়র সাংবাদিক
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








