
পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেয়া ও অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ছয় দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে আটকদের মধ্যে পাঁচজনকে কারাদণ্ড ও একজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম।
আটক ও সাজাপ্রাপ্তরা হলেন— পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুধেরহাট গ্রামের মরহুম রহিম মন্ডলের ছেলে হাবিল মন্ডল (৬৫), কিসমত প্রতাপপুর গ্রামের মরহুম নফসার প্রামাণিকের ছেলে বিপুল প্রামানিক (৪২), আব্দুল বারিকের ছেলে সুজন আলী (৪২), হেমায়েতপুর গ্রামের শহিদুল মালিথার ছেলে জুয়েল মালিথা (৩২), ইউনুস মোল্লার ছেলে ওয়ারেস মোল্লা (৪০) ও আবুল হাশেমের ছেলে হাফিজুর রহমান মাহফুজ (৪০)।
এনএসআই পাবনার উপপরিচালক এ বি এম লুৎফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৯টার দিকে পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ছয় দালালকে আটক করা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাবিল মন্ডল, বিপুল প্রামানিক, সুজন আলী, জুয়েল মালিথা ও ওয়ারেস মোল্লাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সেইসাথে হাফিজুর রহমান মাহফুজের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযানে এনএসআই এর ১২ সদস্যের একটি টিম ছাড়াও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








