সম্পাদকীয়
সম্পাদকীয় লোগো। নয়া দিগন্ত

বাংলাদেশে যেকোনো নির্মাণকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা রীতিমতো চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর অন্যতম কারণ নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি অথবা ঢিমেতালে কাজ করা। ঠিকাদারের জবাবদিহিরও বালাই নেই। তারা ইচ্ছা করেই ঢিলেমি করেন। উদ্দেশ্য থাকে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়িয়ে নেয়া। সে উদ্দেশ্য পূরণ হয়েছে। প্রকল্পের মেয়াদ ও ব্যয় দুটোই বাড়ানো হয়েছে; কিন্তু তারপরও কাজে গতি আসেনি। এতে জনদুর্ভোগ বাড়ছে। 
দীর্ঘদিন ধরে এই একই ধারাবাহিকতা চলে এলেও দেখার যেন কেউ নেই। থাকলেও তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেন না। 
পটুয়াখালীর কচুয়া-বেতাগী সড়কে পায়রা নদীর উপর এক হাজার ৬৮৭ দশমিক ৭০ মিটার দীর্ঘ ও ১০ দশমিক ৩০ মিটার প্রশস্ত একটি সেতু নির্মাণের কাজ চলছে। এমন একটি বড় সেতুর কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার জন্য যে ধরনের কর্মযজ্ঞ থাকা দরকার তা নেই। বরং একেবারেই ঢিলাঢালাভাবে কাজ চলছে। যে কারণে নির্ধারিত সময়ে সেতুর নির্মাণকাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 
নয়া দিগন্তে গত শনিবার প্রকাশিত সরেজমিন প্রতিবেদনে বলা হয়েছে, পায়রা নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজে এই মুহূর্তে নিয়োজিত আছেন মাত্র পাঁচজন শ্রমিক। এক হাজার ৪২ কোটি ২৮ লাখ টাকা প্রাথমিক ব্যয়ের এ প্রকল্পে কার্যাদেশ দেয়ার ৫৪ মাস পেরিয়ে গেছে। এ পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র ২৬ শতাংশ। এর মধ্যে চার মাস বন্ধ ছিল নির্মাণকাজ। ধীরগতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুই দফা নোটিশ দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। সর্বশেষ গত ১৪ অক্টোবর কাজ শুরু হলেও দৃশ্যমান অগ্রগতি নেই। দ্বিতীয় দফার মেয়াদ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর। ব্যয়ও বাড়ানো হয়। দক্ষিণ কোরিয়ার সামহোয়ান ও ঢাকার মীর আখতার যৌথভাবে সেতুটি নির্মাণ করছে। বলা হয়েছে, শ্রমিক সঙ্কটের কারণে নির্মাণকাজে বিলম্ব হচ্ছে। মূল ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিক সরবরাহকারী ঠিকাদারকে প্রাপ্য মজুরি না দেয়ায় তারা শ্রমিক সরবরাহ করছে না। এভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালিপনায় সেতু নির্মাণকাজে ধীরগতির জন্য সেখানকার জনগণের দুর্ভোগ কেবলই বাড়ছে। কারণ  এই সেতুর কাজ যথাসময়ে সম্পন্ন হওয়ার ওপর নির্ভর করছে সেখানকার মানুষের যাতায়াতে সহজলভ্যতা। 
সেতু নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দফতরের তদারকি বাড়ানো দরকার। দরকার সেতুর নির্মাণকাজ চলমান রাখার জন্য  সার্বক্ষণিক নজরদারি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে হবে। তাদের কোনোরকম শৈথিল্য বা অবহেলার সুযোগ দেয়া যাবে না। এসব বিষয়ে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় সংসদ সদস্যও ভূমিকা রাখতে পারেন। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সচল করতে চাপ প্রয়োগ করতে পারেন।
আমরা আশা করি, পায়রা নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ যথাসময়ে সম্পন্ন করার বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে সচল হবে। তারা ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুরো মাত্রায় সক্রিয় করতে প্রয়োজনীয় ভূমিকা পালন করবেন, যাতে কাজের গতি বাড়ে এবং যথাসময়ে সেতুর কাজ সম্পন্ন হয়।

Advertisement