ভিয়েতনামে ডেভিস কাপ টেনিস : ৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ
ডেভিস কাপ টেনিসে অংশ নেয়া বাংলাদেশ দল। নয়া দিগন্ত

ভিয়েতনামের ফান থিয়েতে অনুষ্ঠিত ডেভিস কাপ ২০২৬ এশিয়া-ওশেনিয়া গ্রুপ-৫ টেনিস প্রতিযোগিতায় ১৪টি দেশের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে বাংলাদেশ। গত আসরে ১২তম অবস্থানে থাকা লাল-সবুজের দল এবার ছয় ধাপ এগিয়ে নিজেদের অবস্থান আরো সুসংহত করল। এ প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজশাহীর কৃতী টেনিস খেলোয়াড় মো: রাকিন রহমান রাকিন প্রথমবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার গৌরব অর্জন করেছেন।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর), পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে লাওসের বিপক্ষে লড়াই করে ২-১ ব্যবধানে হেরে ষষ্ঠ স্থানে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

নির্ধারিত ম্যাচগুলোর প্রথম এককে বাংলাদেশের কাব্য গায়েন লাওসের সাতাপর্ন সিমমালাভংয়ের কাছে ১-৬ ও ১-৬ গেমে পরাজিত হন। দ্বিতীয় এককে জারিফ আবরার লাওসের আথিত ক্যাসিনিসের কাছে ৪-৬ ও ৪-৬ গেমে হেরে যান। তবে দ্বৈত (ডাবলস) ম্যাচে লাওসের খেলোয়াড়রা কোর্টে উপস্থিত না থাকায় ওয়াকওভার পেয়ে জয় পায় বাংলাদেশ।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে কোর্টে নামেন মোফাজ্জল হোসেন (প্লেয়িং ক্যাপ্টেন), জারিফ আবরার, কাব্য গায়েন ও মো: রাকিন রহমান। এছাড়া দলের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মো: শাফিন আহমেদ। 

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে খেলা রাকিন রহমান রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান রিটনের ছেলে।

প্রতিযোগিতার শুরুটা ভালো না হলেও দুর্দান্ত কামব্যাক করে বাংলাদেশ দল। আসরের প্রথম দিনে নেপালের কাছে ৩-০ ব্যবধানে হারলেও, দ্বিতীয় দিনেই ঘুরে দাঁড়িয়ে শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে হারিয়ে বড় চমক দেখায়। সেই ম্যাচে একক বিভাগে কাব্য গায়েন ও জারিফ আবরার দুজনেই চমৎকার জয় তুলে নিয়েছিলেন। উল্লেখ্য, ডেভিস কাপ নেশন্স র‌্যাংকিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮তম এবং বাংলাদেশের ১৪৮তম।

পুরুষ টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দলীয় এ প্রতিযোগিতা শেষে রোববার (১৫ নভেম্বর) রাতেই বাংলাদেশ দলের দেশে ফেরার কথা রয়েছে।