আইকন ড্রাফটে নেই লিটনরা

 ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এলো বড় পরিবর্তন। প্রথম শ্রেণী, ওয়ানডে ও টি-২০! তিন ফরম্যাটকে এবার এক কাঠামোর মধ্যে নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রতিযোগিতার নাম ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি থ্রি ট্রফি’! নতুন মোড়কে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আয়োজন। ‘ডি-থ্রি ট্রফি’ নিয়ে যখন নতুন উত্তেজনা তৈরি হয়েছে, তখনই আইকন ক্রিকেটার বাছাইয়ে ছিল চমক। ছয় ফ্র্যাঞ্চাইজির আইকন তালিকায় জায়গা হয়নি জাতীয় দলের দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের। বাদ পড়েছেন দেশের তিন তারকা পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানও।
আইকন ড্রাফটে অবশ্য তারকার কমতি ছিল না। গতকাল প্রথমে ডাকের সুযোগ পায় ওয়ালটন গ্রুপ। যেখান থেকে তারা নিজেদের আইকন হিসেবে মেহেদী হাসান মিরাজকে দলে ভেড়ায়। এরপরের ডাকে সুযোগ পায় ফরচুন গ্রুপ। তারা দলে ভেড়ায় আইকন হিসেবে তৌহিদ হৃদয়কে। তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে আইকন ডাকার সুযোগ পায় একমি গ্রুপ। তারা দলে ভেড়ায় মোসাদ্দেক হোসেন সৈকতকে। এরপর চতুর্থ ডাকের সুযোগ পেয়ে সেভেন রিংস সিমেন্ট গ্রুপ দলে ভেড়ায় মুশফিকুর রহীমকে। পঞ্চম দল হিসেবে ব্লু স্টার লিমিটেড দলে ভেড়ায় নুরুল হাসান সোহানকে। এরপর সবশেষ আইকন ডাকার সুযোগ পায় সিটিজেন ব্যাংক। তারা দলে ভেড়ায় মোহাম্মদ নাঈম শেখকে।
আইকন তালিকায় দেশের অন্যতম সেরা তিন পেসার না থাকাটা চোখে পড়েছে সবচেয়ে বেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেন, মোস্তাফিজ যদি আইকন হিসেবে নির্বাচিত হতো, সেটা অবশ্যই টুর্নামেন্টের জন্য ভালো হতো। পুরো টুর্নামেন্টে যেসব ক্রিকেটারকে তুলনামূলক বেশি সময় পাওয়া যাবে, তাদের আইকন করার মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো হয়তো নিলামে অন্য ক্রিকেটারদের জন্য বেশি অর্থ খরচের সুযোগ তৈরি করতে চেয়েছে। বিপরীতে জাতীয় দলের ব্যস্ততার কারণে মোস্তাফিজদের মতো ক্রিকেটারদের সব ম্যাচে পাওয়া কঠিন হতে পারে। নাহিদ রানা, তাসকিন আহমেদ আইকন হলে টুর্নামেন্টের জন্য ভালো হতো।
বিসিবি সভাপতি আরো বলেন, দলগুলো যখন মালিকদের কাছে দেয়া হয়েছে, তখন সিদ্ধান্ত নেয়ার দায়িত্বও তাদের। প্রতিটি দলের নিজস্ব নির্বাচক আছে, আমরাও প্রতিটি দলে একজন করে নির্বাচক দিয়েছি। তারা নিজেদের থিংক ট্যাংক নিয়ে আলোচনা করে যে সিদ্ধান্ত নিয়েছেন, আমার অবস্থান থেকে সেটাকে সম্মান করতেই হবে।