কী আছে রিজওয়ানের ভাগ্যে?

ক্রীড়া ডেস্ক
মোহাম্মদ রিজওয়ানকে ঘিরে পাকিস্তান ক্রিকেটে তৈরি হওয়া জটিলতা এখনো কাটেনি। অনলাইন বেটিং ও জুয়া সংক্রান্ত অভিযোগের তদন্তের অংশ হিসেবে ইংল্যান্ড সফরের পর তার মুঠোফোন জব্দ করেছিল পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। তদন্ত চলতে থাকায় ফোনটি এখনো ফেরত পাননি এ উইকেট কিপার ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটেও তাকে খেলার অনুমতি দেয়া হয়নি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বিষয়টি নিয়ে তাদের অভ্যন্তরীণ প্রক্রিয়া চলছে। এক বিবৃতিতে বোর্ড বলেছে, সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়মিত প্রক্রিয়া ও বোর্ডের বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং সংশ্লিষ্ট সবার বিষয় যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে।
রিজওয়ান বিষয়টি আদালত ও আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের কাছেও তুলেছেন। তার প্রশ্ন, মুঠোফোন জব্দ, সেটি ইংল্যান্ড থেকে পাকিস্তানে নেয়া এবং ফরেনসিক পরীক্ষার বিষয়ে আইসিসি বা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অবগত ছিল কি না।
পিসিবির সাবেক আইন বিভাগের প্রধান তাফাজ্জুল রিজভি অবশ্য রিজওয়ানের বিরুদ্ধে এখনই কোনো সিদ্ধান্তে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, তদন্তকারী সংস্থার নোটিশ পাওয়া বা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া অপরাধ প্রমাণিত হওয়া নয়; এটি তথ্য সংগ্রহের অংশ।
এ দিকে রিজওয়ানকে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ প্রথম শ্রেণীর ক্রিকেটেও খেলতে দেয়া হয়নি। ইংল্যান্ড সফর থেকে ফেরা বেশির ভাগ ক্রিকেটার এ প্রতিযোগিতায় খেললেও রিজওয়ান মাঠের বাইরে। নর্দার্ন গ্যাস পাইপ লাইনস লিমিটেডের সহ-অধিনায়ক করা হলেও ম্যাচ খেলার অনুমতি পাননি তিনি।
একই অভিযোগে ইমাম-উল-হকের মুঠোফোনও জব্দ করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে রিজওয়ানের মতো তিনি প্রকাশ্যে বিষয়টি নিয়ে অবস্থান নেননি।