
ক্রীড়া প্রতিবেদক
শুরু হচ্ছে তৃতীয় বিভাগে জায়গা করে নেয়ার লড়াই। ৭০টি দল, প্রায় এক হাজার ৪০০ ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সময়স্বল্পতার কারণে এবার টি-২০ সংস্করণে হবে তৃতীয় বিভাগ বাছাইপর্ব। ৭০টি দল ১৬ গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে। যেখানে প্রতিদিন ১৪টি করে ম্যাচ মাঠে গড়াবে। এবার থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সী ক্রিকেটাররা খেলার সুযোগ পাবেন এই টুর্নামেন্টে। দীর্ঘ বাছাইপর্ব শেষে সুযোগ পাবে মাত্র দু’টি দল। এই উপলক্ষে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি উদ্বোধনী অনুষ্ঠান করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
উদ্বোধনী অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ ছিলেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বাছাইপর্বে অংশ নেয়া দলগুলোর অধিনায়কদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। ক্রিকেটের বিভিন্ন পরিস্থিতি সামলানো থেকে শুরু করে ক্যারিয়ার গড়ার নানা বিষয়ে মিরাজের কাছে জানতে চান তরুণ অধিনায়কেরা। জুনিয়র ওয়ারিয়র্স ক্লাবের অধিনায়ক শাওনের প্রশ্ন ছিল সাকিব আল হাসানের মতো হতে চান অনেকেই; কিন্তু মিরাজ হতে হলে কী করতে হবে? জবাবে মিরাজ তরুণ ক্রিকেটারদের অন্য কাউকে অনুসরণ না করে নিজের পরিচয়ে বড় হওয়ার পরামর্শ দেন। ‘কেউ কারো মতো হতে পারে না। সবারই আলাদা আইকন আছে। সাকিব ভাই তার মতো, আমি আমার মতো আবার তুমিও তোমার মতো। আমরা যে সবার সাথে তুলনা করি, এটা করা উচিত না। প্রত্যেক মানুষের নিজস্ব প্রতিভা আছে। সে যদি ওইভাবে মানসিকভাবে তৈরি হয়, সে আমার চেয়েও ভালো হতে পারে। আমার মতো হতেই হবে এমন নয়, তুমি আমার চেয়েও ভালো হতে পারো- এটার জন্য পরিশ্রম করতে হবে। এরপর মাঠে পারফর্ম করে নিজের প্রতিভা দেখাতে হবে- কঠোর পরিশ্রমের বিকল্প নেই।’
মিরাজ আরো বলেন, ‘প্রত্যেকেরই ভালো-খারাপ সময় আসে- এটি থাকবেই। তবে ওই সময়ে মানসিকভাবে শক্ত থাকা, কতটা পরিশ্রম করছেন, নিজের প্রতি কতটা বিশ্বাস করছেন এটা গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন।’








