আগুন
ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘নাছির কারখানা’ নামে একটি কেমিক্যাল কারখানায় বিকট শব্দে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ​

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়ারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। 

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন সার্ভিসের কর্মকর্তা হ্লা মারমা বলেন, ‘অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও  ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।’

এদিকে, ঘটনাস্থলে গিয়ে নাছির কারখানার কোনো কর্মকর্তাকে না পাওয়া যাওয়ায় অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।