সাংবাদিকদের সাথে কথা বলছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
সাংবাদিকদের সাথে কথা বলছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। নয়া দিগন্ত
ads

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতনকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ উৎখাত করেছে। এদেশের জনগণ তাদের আর বাংলাদেশে জায়গা দেবে না। জনগণ তাদের রুখে দেবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে আগামীতে বিএনপি আরো কঠোর অবস্থানে থাকবে। ১৭ বছরের দুঃশাসন ও নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করে বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আজকের অবস্থানে পৌঁছেছে বিএনপি।’

রোববার (২৯ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় একটি রাস্তার উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘গুপ্ত বলেন আর ফ্যাসিস্ট বলেন, কেউ এসে দেশকে নষ্ট করবে কিংবা দেশের মানুষের ক্ষতি করবে, তা মেনে নেয়া হবে না। সাধারণ জনগণও তা মেনে নেবে না। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এ বিষয়ে সচেতন রয়েছে। দেশে ফ্যাসিবাদের কোনো ধরনের অবস্থান তৈরি হতে দেয়া হবে না।’

ঠিকাদারদের উদ্দেশে তিনি বলেন, ‘রাস্তার কাজ অবশ্যই সঠিক নিয়মে ও মানসম্মতভাবে করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। আর যারা নিম্নমানের কাজ করবেন, তাদের লাইসেন্স বাতিল করা হবে।’

রাস্তার উন্নয়নকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো: জামাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, এলজিইডি সদর উপজেলা ইঞ্জিনিয়ার মো: কামরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব গোলাম কিবরিয়া সাঈদ, চেম্বার সভাপতি আ: সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ অন্যরা।