ভারতে সড়ক দুর্ঘটনায় তিন শিশু ও চার নারী ‍নিহত হয়েছেন
ভারতে সড়ক দুর্ঘটনায় তিন শিশু ও চার নারী ‍নিহত হয়েছেন। সংগৃহীত ছবি

ভারতের ঝাড়খণ্ডের খুঁটি জেলায় ১৮ চাকার একটি ট্রাকের ধাক্কায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও চার নারী রয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে জেলার কাররা থানা এলাকার কাররা-তোরপা প্রধান সড়কের জোন-লুদরু মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা সবাই জোন-লুদরু মোড়ের কাছে অবস্থিত একটি কলোনির বাসিন্দা ছিলেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে জোন-লুদরু মোড়ের কাছে একটি কালভার্টের পাশে এক স্কুটার আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ঝোপের মধ্যে পড়ে যান। ঘটনাটি জানতে পেরে স্থানীয় নারী ও শিশুরা ওই আরোহীকে সাহায্য করতে এবং তার খোঁজ নিতে কালভার্টের কাছে জড়ো হন। 

জানা গেছে, এ সময় একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে পড়ে, যার ফলে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় আহত একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সূত্র : এনডিটিভি