বাংলাদেশ, ফারহান আলী ওয়াহিদ, আন্তর্জাতিক ফুটবল, হামজা চৌধুরী, সাফ চ্যাম্পিয়নশিপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, বাংলাদেশ অধিনায়ক, ইংল্যান্ড ন্যাশনাল লিগ, ইংল্যান্ড, ইংলিশ প্রিমিয়ার লিগ
হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। সংগৃহীত
ads

বাংলাদেশের জার্সিতে খুব বেশি দিন হয়নি ফারহান আলী ওয়াহিদের। বয়স মাত্র ১৯। আন্তর্জাতিক ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করার পথেও এখনো অনেকটা এগোতে হবে তাকে। তবে এই পথচলায় পাশে পেয়েছেন অভিজ্ঞ এক সতীর্থকে—হামজা চৌধুরীকে।

মাঠে খেলার কৌশল শেখা থেকে শুরু করে মাঠের বাইরের আচরণ, সবকিছুতেই হামজাকে আদর্শ মানেন তরুণ এই ফরোয়ার্ড। হামজার কাছ থেকে প্রতিনিয়ত শিখছেন বলেন জানান ফারহান আলী ওয়াহিদ। 

সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের দৃষ্টিনন্দন গোলের পর হামজার উদযাপন ছিল চোখে পড়ার মতো। গোলের পর বিস্ময়ভরা প্রতিক্রিয়া দেখানোর পাশাপাশি ফারহানের কাঁধে হাত রেখে তাকে সবার সামনে তুলে ধরেছিলেন বাংলাদেশ অধিনায়ক। 

সেই মুহূর্তে দুজনের সম্পর্কের যে ছবি ফুটে উঠেছিল, এবার হামজার প্রতি মুগ্ধতার কথা জানিয়ে সেটিই যেন আরো স্পষ্ট করলেন ফারহান। সম্প্রতি ইংল্যান্ডের ন্যাশনাল লিগের সম্প্রচারমাধ্যম ডাজনকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলের ড্রেসিংরুম ও হামজার প্রভাব নিয়ে কথা বলেন তিনি।

ফারহানের কাছে হামজার গুরুত্বটা শুধু তার ফুটবলীয় দক্ষতায় নয়। মাঠে কোথায় দাঁড়াতে হবে, কখন দৌড় শুরু করতে হবে কিংবা কিভাবে প্রতিপক্ষের রক্ষণে জায়গা খুঁজে নিতে হবে—এসব বিষয়েও নিয়মিত পরামর্শ দেন হামজা। নিজের অভিজ্ঞতা তরুণ সতীর্থদের সাথে ভাগ করে নিতেও কার্পণ্য করেন না তিনি।

হামজাকে নিয়ে ফারহানের ভাষায়, ‘দলে হামজার মতো একজন ফুটবলার থাকা সত্যিই দারুণ ব্যাপার। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মাঠে ও মাঠের বাইরে তিনি আমার অনুপ্রেরণা।’

হামজার ব্যক্তিত্বের কথাও আলাদা করে উল্লেখ করেছেন ফারহান। তিনি বলেন, ‘হামজা মানুষ হিসেবেও অসাধারণ। মাঠে কিভাবে খেলব, কোথায় অবস্থান নেব, নিজের পরিকল্পনা অনুযায়ী কোন জায়গায় থাকা উচিত—এসব বিষয়ে তিনি সব সময় আমাকে পরামর্শ দিতে প্রস্তুত থাকেন। তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি।’

জাতীয় দলে বয়স ও অভিজ্ঞতায় দুজনের ব্যবধান অনেক। একজন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ২৮ বছর বয়সী মিডফিল্ডার, অন্যজন আন্তর্জাতিক ফুটবলে সবে পা রাখা ১৯ বছরের তরুণ ফরোয়ার্ড। কিন্তু এই ব্যবধানই দুজনের মাঝে দূরত্ব তৈরি করেনি।