আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রানাউত ও প্রিয়াঙ্কা চোপড়া
আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রানাউত ও প্রিয়াঙ্কা চোপড়া (বাম দিক থেকে)। সংগৃহীত
ads

ভারতীয় চলচ্চিত্র জগতে একসময় কেবল নায়কদের পারিশ্রমিক নিয়েই চর্চা হতো। তবে সময় বদলেছে; এখন অভিনয় দক্ষতা, আকাশচুম্বী জনপ্রিয়তা ও বক্স অফিস সাফল্যের জোরে বড় বাজেটের ছবিগুলোতে অপরিহার্য হয়ে উঠেছেন অভিনেত্রীরাও। 

সম্প্রতি ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রীর একটি তালিকা প্রকাশ করেছে। চলুন জেনে নেয়া যাক, ছবিপ্রতি কে কত পারিশ্রমিক নিচ্ছেন।

১) প্রিয়াঙ্কা চোপড়া

আইএমডিবির এই তালিকায় সবার ওপরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের গণ্ডি পেরিয়ে এই তারকা হলিউডেও নিজের শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন। ২০০০ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ের পর গ্ল্যামার জগতে তার উত্থান শুরু হয় এবং ২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ ছবির মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন। 

পরবর্তীতে ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। ‘ফ্যাশন’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ওঠে তার ঝুলিতে।

আন্তর্জাতিক অঙ্গনে হলিউড সিরিজ ‘কোয়ান্টিকো’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। পাশাপাশি ‘বেওয়াচ’, ‘ইজন্ট ইট রোমান্টিক’ ও ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো সিনেমায় তার উপস্থিতি ছিল নজরকাড়া। আইএমডিবির তথ্য বলছে, প্রতিটি সিনেমার জন্য প্রিয়াঙ্কা ১৮ কোটি থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।

২) দীপিকা পাড়ুকোন

তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন দীপিকা পাড়ুকোন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটান এবং প্রথম ছবিতেই বাজিমাত করেন। 

এরপর ‘লাভ আজ কাল’, ‘ককটেল’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’-এর মতো ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করে নিজেকে প্রথম সারিতে নিয়ে যান। ‘পিকু’ ছবিতে তার অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়।

‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সিনেমার হাত ধরে হলিউডেও কাজ করেছেন দীপিকা। এ ছাড়া ২০২৪ সালের আলোচিত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’-তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। আইএমডিবি অনুযায়ী, ছবিপ্রতি তাঁর পারিশ্রমিক ১৫ কোটি থেকে ৩০ কোটি টাকা।

৩) কঙ্গনা রানাউত

সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কঙ্গনা রানাউত। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও প্রযোজক হিসেবেও তিনি নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন। ২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বলিউডে তার যাত্রা শুরু হয় এবং অভিষেকেই তিনি প্রশংসা কুড়ান। পরবর্তীতে ‘ফ্যাশন’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘তনু ওয়েডস মনু’, ‘কুইন’ ও ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর মতো চলচ্চিত্র তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

‘কুইন’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। ২০২৪ সালে নিজের পরিচালিত ‘ইমার্জেন্সি’ সিনেমার কারণে তিনি নতুন করে আলোচনায় আসেন। আইএমডিবির হিসাব অনুযায়ী, কঙ্গনা প্রতি ছবির জন্য ১৫ কোটি থেকে ২৭ কোটি টাকা পারিশ্রমিক নেন।

৪) ক্যাটরিনা কাইফ

চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। মডেলিং থেকে আসা এই অভিনেত্রী ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। ক্যারিয়ারের শুরুতে অভিনয় ও ভাষাগত জড়তার কারণে সমালোচনার মুখে পড়লেও কঠোর পরিশ্রমে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। ‘নমস্তে লন্ডন’, ‘নিউ ইয়র্ক’, ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘রাজনীতি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘এক থা টাইগার’ ও ‘ধুম ৩’-এর মতো জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন।

অ্যাকশন দৃশ্য ও নাচে ক্যাটরিনার দক্ষতা বরাবরই প্রশংসিত। সাম্প্রতিক সময়ে ‘টাইগার ৩’ এবং ‘মেরি ক্রিসমাস’ সিনেমার মাধ্যমে তিনি আলোচনায় ছিলেন। আইএমডিবির তথ্যমতে, ছবিপ্রতি তিনি ১৫ কোটি থেকে ২৫ কোটি টাকা পারিশ্রমিক পান।

৫) আলিয়া ভাট

তালিকার পঞ্চম স্থানে আছেন আলিয়া ভাট। স্বল্প সময়ের ক্যারিয়ারেই তিনি বলিউডে নিজের শক্ত ভিত্তি তৈরি করেছেন। নির্মাতা মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের কন্যা আলিয়া ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন। এরপর ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গলি বয়’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান।

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন আলিয়া; ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ ছবিতে গ্যাল গ্যাডটের সাথে তাকে দেখা যায়। আইএমডিবির তালিকা অনুযায়ী, প্রতি সিনেমার জন্য তিনি ১০ কোটি থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।