চীন, সৌদি আরব, যুবরাজ মোহাম্মদ বিন সালমান
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে বৈঠক করেছেন সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ বিন মোহাম্মদ আল-আইবান। ইন্টারনেট

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে বৈঠক করেছেন সৌদি আরবের রাষ্ট্রীয় মন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ বিন মোহাম্মদ আল-আইবান। সোমবার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আল-আইবান সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের একটি চিঠি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাছে হস্তান্তর করেন। চিঠিতে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

Advertisement

ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যবিষয়ক কূটনীতিতে সৌদি আরবের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় চীন। দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন-সৌদি সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। একই সাথে এ সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন এ দুই নেতা। এ সময় ওয়াং ই বলেন, দীর্ঘমেয়াদে এ অঞ্চলের জনগণের স্বার্থ রক্ষায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলা ছাড়া বিকল্প নেই।

এ অবস্থায় পররাষ্টমন্ত্রী ওয়াং ই জানান, মধ্যপ্রাচ্যকে দ্রুত অস্থিতিশীল পরিস্থিতি থেকে বের করে এনে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে সৌদি আরবসহ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে যোগাযোগ ও সমন্বয় করতে প্রস্তুত চীন।

সূত্র : সিএমজি