দিল্লিতে হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়
দিল্লিতে হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়। সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লিতে শনিবার (১০ অক্টোবর) দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালে পুলিশের ব্যাপক অভিযানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসঙ্ঘের মানবাধিকার সংস্থা।

Advertisement

এই বিক্ষোভের সময়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবরও সামনে এসেছে।

জাতিসঙ্ঘের মানবাধিকার সংস্থা হেফাজতে নেয়া ব্যক্তিদের অবিলম্বে এবং শর্তহীন মুক্তির দাবি জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘দিল্লিতে আজ ব্যাপক বিক্ষোভের আগে এবং চলাকালে বিক্ষোভকারী, আন্দোলনের নেতা, নাগরিক সমাজের সদস্য, আইনজীবী এবং সাংবাদিকদের বিপুল সংখ্যায় হেফাজতে নেয়ার খবর নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করা হোক এবং তা নিশ্চিত করা হোক।’

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে পোস্ট করে জানিয়েছে, ‘ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, যেখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার সংবিধান দ্বারা নিশ্চিত এবং শক্তিশালী প্রতিষ্ঠান, স্বাধীন বিচারব্যবস্থা ও মুক্ত সংবাদমাধ্যম সুরক্ষিত।’

মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, ‘প্রতিটি গণতন্ত্রের মতোই, ভারতে নাগরিকরা জন-শৃঙ্খলার স্বার্থে আরোপিত যুক্তিসঙ্গত সীমাবদ্ধতার আওতায় থেকে এই অধিকার প্রয়োগ করেন। অন্যদিকে, কর্তৃপক্ষ আইন অনুযায়ী কাজ করে এবং যেকোনো অভিযোগ বা প্রতিকারের জন্য আদালত সবার জন্য উন্মুক্ত থাকে।’

সংস্থাটির সমালোচনা করে ভারত বলেছে, ‘জাতিসঙ্ঘের মানবাধিকার সংস্থার উদ্বেগ ভিত্তিহীন এবং তা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিক হস্তক্ষেপের শামিল।’

সূত্র : বিবিসি