
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বহুতল ভবনে রাশিয়ার হামলায় ১১ জন নিহত হয়েছেন। হামলায় ভবনটির একাংশ ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বাসিন্দারা। তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
এছাড়া কিয়েভের পৃথক দু’টি স্থানে রাশিয়ার হামলায় আরো চারজন নিহত হয়েছেন। এ নিয়ে হামলায় মোট ১৫ জন নিহতের ঘটনা ঘটেছে। এছাড়া এসব হামলায় আহত হয়েছেন আরো অনেকে।
সোমবার (২৩ নভেম্বর) কিয়েভের আঞ্চলিক কর্মকর্তা তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, গতকাল রাতে ইউক্রেনের রাজধানীর প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে ডাইমার এলাকায় একটি পাঁচতলা ভবনে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।
টেলিগ্রামে তকাচেঙ্কো লিখেছেন, ‘উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আরো একজনের লাশ উদ্ধার করেছেন। এর মাধ্যমে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।’
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস এর আগে টেলিগ্রামে জানিয়েছিল, নিহতদের মধ্যে একজন কিশোরও রয়েছে।
সংস্থাটি আরো জানায়, উদ্ধারকর্মীরা ১১ জন ব্যক্তিকে খুঁজছেন, যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নিখোঁজেদের মধ্যে দু’টি শিশুও রয়েছে।
তকাচেঙ্কো জানান, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। যাদের মধ্যে ৭৯ বছর বয়সী এক নারী ও একটি শিশু রয়েছে।
এদিকে কিয়েভের ঠিক দক্ষিণে অবস্থিত ভিশনেভে শহরে একটি সুপারমার্কেটে রুশ হামলায় আরো তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন শিশুসহ আরো ১৫ জন আহত হয়েছেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন স্থানীয় মেয়র ইলিয়া ডিকভ।
সুপারমার্কেটে হামলার প্রসঙ্গে তকাচেঙ্কো বলেন, ‘মানুষ কেবল নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করতে দোকানে গিয়েছিল। রাশিয়ার হামলার কারণে সাধারণ কেনাকাটার সেই মুহূর্তটিই এক ট্র্যাজেডিতে পরিণত হলো।’
তিনি আরো বলেন, ‘কাছাকাছি বিলা সের্কভা এলাকায় একটি ব্যক্তিগত বাড়িতে হামলায় আরো একজন নিহত হয়েছেন।’
সূত্র : আলজাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









