
শীর্ষ সন্ত্রাসী শেখ মো: আসলাম ওরফে সুইডেন আসলামকে অপর শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: ইসমাইলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো: ইরফান খান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
এদিন বিকেল সাড়ে ৪টার দিকে আদালতে আনা হয় সুইডেন আসলামকে। বিকেল পৌনে ৫টার দিকে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় এজলাসে তোলা হয়।
রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন আসামিকে রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন। আসামির পক্ষে অ্যাডভোকেট মো: মাহবুবুল আলম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলিতে হত্যা করে দুর্বৃত্তরা। টিটন হত্যার ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ‘সুইডেন আসলাম’ নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। সুইডেন আসলামের পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকায় হলেও তিনি বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে।
অপরদিকে, খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খাপুরা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকার একটি বাসায় বসবাস শুরু করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









