ছবি
ছবি। প্রতীকী
ads

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলোর কাছে এমন কিছু ‘বিস্ময়কর’ আবিষ্কারের তথ্য রয়েছে যা আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্বজুড়ে তথ্যের নিরাপত্তাব্যবস্থাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে। এতে ব্যাংক ও সরকারি তথ্যের নিরাপত্তার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত এনক্রিপশন ব্যবস্থাকে বিপদে ফেলতে পারে।

এআইয়ের এমন অগ্রগতিতে ঝুঁকিতে রয়েছে- ব্যাংক লেনদেন, কূটনৈতিক বার্তা ও ব্যক্তিগত ইমেইল। এমন হলে খুব অল্প সময়ের মধ্যে গোয়েন্দা সংস্থা, সরকার, ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের যোগাযোগব্যবস্থার ভিত্তি নতুন করে সাজাতে হতে পারে। এআই সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এমনটাই আশঙ্কা করছেন।

বিশেষজ্ঞদের ধারণা, এআই হয়তো এনক্রিপশন ভাঙার নতুন কোনো পদ্ধতি বের করেছে। শক্তিশালী ডিক্রিপশন বা সাংকেতিক তথ্য উন্মোচনের সক্ষমতা তৈরি হওয়ার আশঙ্কায় গত কয়েক বছর ধরেই সরকার, ব্যাংক ও গোয়েন্দা সংস্থাগুলো প্রস্তুতি নিচ্ছে। কারণ, কোয়ান্টাম কম্পিউটার তৈরি হলে সেগুলো কয়েক দশক ধরে ব্যবহৃত এনক্রিপশন ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করা অনেক অ্যালগরিদম ভেঙে দিতে সক্ষম হবে।

তবে ধারণা করা হচ্ছে, কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে এ ধরনের এনক্রিপশন ভাঙার সক্ষমতা অর্জন করতে কয়েক বছর সময় লাগতে পারে। কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে এমনটি ঘটার আশঙ্কা নেই।

এ ধরনের আবিষ্কারের ভিত্তি হতে পারে এনক্রিপশন ব্যবস্থার পেছনে থাকা গাণিতিক কাঠামো বিশ্লেষণ। এতদিন এসব গণিতের অনেক বিষয় পুরোপুরি অনুধাবন করা সম্ভব হয়নি। এআই যদি এসব গাণিতিক সমস্যার সমাধান করে থাকে, তাহলে গোপন তথ্যের এনক্রিপশন ভেঙে বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ফাঁসের পথ তৈরি হতে পারে।

বিশিষ্ট তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী স্কট অ্যারনসন বলেছেন, কয়েক দশক পুরোনো গণিতের এমন কিছু সমস্যার সমাধান নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। এগুলো বিশ্বের গোপন তথ্য কিভাবে ফাঁস করা হয় তার সাথে সম্পর্কিত।

অ্যারনসন ও অন্য বিশেষজ্ঞদের এই উদ্বেগের সূত্রপাত গত কয়েক সপ্তাহে শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলোর ঘোষিত বেশ কয়েকটি গাণিতিক অগ্রগতি থেকে। এসব অগ্রগতির বেশিভাগই তাত্ত্বিক। 

তবে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের মতে, এগুলো ইঙ্গিত দিচ্ছে যে এআই এমন সব সমস্যার সমাধান করতে সক্ষম হচ্ছে, যেগুলো অদূর ভবিষ্যতে সমাধান করা সম্ভব হবে না বলে মনে করা হত।

চলতি সপ্তাহের শুরুতে অ্যারনসন লিখেছেন, ‘একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি প্রায় নিশ্চিত যে, এআই গবেষণাগারগুলো ক্রিপ্টোগ্রাফি বা সাংকেতিক তথ্যপ্রযুক্তি নিয়ে এক বা একাধিক বিস্ময়কর আবিষ্কার নিজেদের কাছে গোপন রেখেছে।’

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক স্টিভেন মারডক বলেন, ‘যারা মনে করতেন এআই গণিতের ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু করতে পারবে না, এখন তারা নিশ্চিতভাবেই ভুল প্রমাণিত হয়েছেন। এ পর্যায়ে এসে এআইয়ের সক্ষমতার সীমা কোথায়, তা আর স্পষ্ট নয়।’

শুক্রবার (২৭ নভেম্বর) বিবিসি রেডিও ৪-‘টুডে’ অনুষ্ঠানে গণিতবিদ মার্কাস ডু সোতোয় বলেন, এই আবিষ্কারগুলোর ব্যাপকতর প্রভাব কী এবং এনক্রিপশনের জন্য এর অর্থ কী, তা জানা যায়নি।

তিনি বলেন, ‘আমাদের সব ইলেকট্রনিক গোপনীয়তা রক্ষার মূল সমস্যাটি নিয়ে কেউ কথা বলছে না। কেন কেউ সেই সমস্যাটি নিয়ে কথা বলছে না? আমাদের মধ্যে কেউ কেউ ভাবছেন, হয়তো তারা ইতিমধ্যেই এর সমাধান করে ফেলেছে। এর প্রভাব এতটাই ব্যাপক হবে যে সবাই বিষয়টি গোপন রেখেছে।’

মারডক বলেন, অনেক সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠান ইতোমধ্যে এমন উন্নত এনক্রিপশন ব্যবস্থার দিকে এগোচ্ছে, যা কোয়ান্টাম কম্পিউটারের আক্রমণের মুখেও দুর্বল হবে না। তবে এ প্রক্রিয়া বেশ ধীরগতিতে এগোচ্ছে। লক্ষ্যমাত্রা ছিল ২০৩২ সাল, তবে সেটিও সম্ভবত অর্জন করা যাবে না।

মারডক ও অ্যারনসনসহ অন্য বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শিগগিরই ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে বিশ্বের প্রচলিত ধারণায় আকস্মিক বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

ইউনিভার্সিটি অব সারের কম্পিউটারবিজ্ঞানের অধ্যাপক অ্যালান উডওয়ার্ড বলেন, কোনো গাণিতিক অগ্রগতি মানেই তাৎক্ষণিকভাবে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হওয়া নয়। তবে কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা সমস্যাগুলো সমাধানে এআইয়ের দ্রুত অগ্রগতি গুরুতর প্রভাব ফেলতে পারে। 

তার মতে, ব্যাংক ও সরকারের মতো প্রতিষ্ঠানগুলোর দ্রুত নিরাপত্তাব্যবস্থা পরিবর্তনের সক্ষমতা থাকা প্রয়োজন। যারা দ্রুত পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারবে, তারা নিরাপদ থাকবে। পিছিয়ে থাকা প্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে পড়তে পারে।

এদিকে ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলিও এআইয়ের ক্রমবর্ধমান সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানকে নতুন মডেল জনসাধারণের জন্য উন্মুক্ত করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, এনক্রিপশন প্রযুক্তির নিরাপত্তা শুধু ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয় নয়; বরং বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা, রাষ্ট্রীয় যোগাযোগ, কূটনৈতিক সম্পর্ক ও আর্থিক লেনদেনের নিরাপত্তার সাথেও সরাসরি জড়িত। ফলে এআইয়ের গাণিতিক সক্ষমতায় নতুন কোনো বড় অগ্রগতি এলে তার প্রভাব মোকাবেলায় সরকার, ব্যাংক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আগেভাগেই প্রস্তুতি নিতে হবে।

সূত্র : দ্য গার্ডিয়ান