গুগল
এআইয়ের কারণে গুগলের ৫০০ বিলিয়ন ডলার লোকসান। সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রধান সার্চ ইঞ্জিন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ার মূল্যে এক ঐতিহাসিক ধস নেমেছে। ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রভাবেই মুনাফায় তীব্র চাপের বিষয়টি উঠে আসার পর মাত্র এক দিনে প্রতিষ্ঠানটির বাজারমূল্য থেকে ৫০০ বিলিয়ন (৫০ হাজার কোটি) ডলারেরও বেশি মুছে গেছে, যা তাদের শেয়ারকে বিগত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে।

Advertisement

গুগলের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ফিলিপ শিন্ডলার জানান, গুগলের 'এআই মোড'—যার মাধ্যমে এটি ব্যবহারকারীদের প্রশ্নের কথোপকথনমূলক উত্তর দেয়—তা প্রথাগত সার্চ ফলাফলের পাশে প্রদর্শিত বিজ্ঞাপনী আয়কে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।

গুগলের বিজ্ঞাপনী বিভাগের সাবেক প্রধান কিম স্কট বিবিসির ‘টুডে’ অনুষ্ঠানে বলেন, গুগল অন্য কাউকে সুযোগ দেওয়ার চেয়ে 'নিজের প্রযুক্তি দিয়ে নিজের ব্যবসার ক্ষতি সওয়াকেই শ্রেয় মনে করে,' যাতে তাদের নিজস্ব এআই সামারি প্রথাগত সার্চ আয়ে প্রভাব ফেললেও অন্য কেউ বাজার দখল করতে না পারে।

তিনি উল্লেখ করেন, দীর্ঘমেয়াদী প্রযুক্তির ওপর বাজি ধরার দর্শনের ওপর ভিত্তি করেই গুগলের প্রতিষ্ঠা হয়েছিল—এমনকি তা স্বল্পমেয়াদে প্রতিষ্ঠানের ক্ষতি করলেও।

কিম স্কট বলেন, 'আমি মনে করি তারা এআই-এর ওপর একটি দীর্ঘমেয়াদী বাজি ধরছে।'

শেয়ার বেচাবিক্রির এই ধসের পেছনে মূল কারণ ছিল গুগলের এআই-চালিত সার্চ ফিচার। এটি ফলাফল পৃষ্ঠায় সরাসরি উত্তর সরবরাহ করায় স্পনসর করা লিংকে ক্লিক করার প্রয়োজনীয়তা কমে যাচ্ছে, যা গুগলের মূল সার্চ বিজ্ঞাপনী আয়কে গ্রাস বা সংকুচিত করছে।

 তাদের সামগ্রিক আয় বাড়লেও বিজ্ঞাপন থেকে পাওয়া আয় ওয়াল স্ট্রিটের পূর্বানুমান ছুঁতে পারেনি এবং বিগত পাঁচ ত্রৈমাসিকের মধ্যে এটি সর্বনিম্ন হারে বেড়েছে; একই সাথে নিট মুনাফা কমেছে ২৫ শতাংশ।

তাছাড়া ডেটা সেন্টার, চিপস এবং এআই অবকাঠামো খাতে বিশাল পরিমাণ মূলধনী ব্যয়ের কারণে অ্যালফাবেটের ফ্রি ক্যাশ ফ্লো (ফ্রি নগদ প্রবাহ) ঋণাত্মক বা নেতিবাচক হয়ে পড়েছে, যা স্বল্পমেয়াদী বিনিয়োগের রিটার্ন বা মুনাফা নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীদের ভীষণভাবে শঙ্কিত করেছে।

প্রতিষ্ঠানটি বিশ্লেষকদের পূর্বাভাসের সমপরিমাণ অর্থ আয় করতে পারেনি, বিশেষ করে তাদের বিজ্ঞাপনী শাখায়, যা অনেক বিনিয়োগকারীকে উদ্বিগ্ন করে তোলে।

আয়ের প্রতিবেদন প্রকাশের পর কোম্পানির শেয়ারের দাম ১২ শতাংশেরও বেশি কমে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন স্থানে নেমে আসে।

২৯ অক্টোবরের মধ্যে কোম্পানির মোট শেয়ার বাজারমূল্য আগের দিনের ৩.৯৭ ট্রিলিয়ন (৩.৯৭ লাখ কোটি) ডলার থেকে কমে ৩.৪৬ ট্রিলিয়ন (৩.৪৬ লাখ কোটি) ডলারে নেমে আসে।

গবেষণা প্রতিষ্ঠান 'ফরেস্টার'-এর প্রিন্সিপাল অ্যানালিস্ট ট্রেসি উ বলেন, অ্যালফাবেটের সার্চ ব্যবসার এই হতাশাজনক ফলাফল 'বিদ্যমান মূল ব্যবসায়ের শক্তি ধরে রাখার পাশাপাশি এআই-এর বিশাল বিনিয়োগে অর্থায়নের চ্যালেঞ্জকেই স্পষ্ট করে তোলে।'

সূত্র : দি নিউজ