
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য একাধিকবার সাফল্য অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ কারী মাওলানা নাজমুস সাকিবকে বিশেষ সম্মাননা দিয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারের ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নাজমুস সাকিবের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি ক্বারী সিদ্দিকুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের সিদ্দিকী।
অনুষ্ঠানে সম্মাননা প্রদান শেষে শিক্ষার্থীদের নিয়ে ‘মাশক্বুল কোরআন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে হাফেজ নাজমুস সাকিব সরাসরি শিক্ষার্থীদের তেলাওয়াত শুনে প্রশংসা করেন এবং শুদ্ধ তেলাওয়াত, তারতীল ও তাজভীদের বিভিন্ন নিয়ম সম্পর্কে প্রশিক্ষণ দেন।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ হাফেজ ও কারীদের সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের তেলাওয়াতের মানোন্নয়ন এবং কোরআন হিফজ ও কিরাতের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে।
মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিতভাবে দেশ-বিদেশের অভিজ্ঞ হাফেজ ও কারীদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
হাফেজ কারী মাওলানা নাজমুস সাকিব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন। তিনি ভারতের এশিয়া মহাদেশীয় কিরাত প্রতিযোগিতা, সৌদি আরবের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।
ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের হিফজ ও তিলাওয়াতের মান উন্নয়নে প্রতিষ্ঠানটিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের হাফেজ-কারীদের মাধ্যমে নিয়মিত দারস ও প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছেন উস্তাযুল হুফফাজ শায়খ আব্দুল হক, মাওলানা কারী হাবিবুল্লাহ বেলালী, উস্তাযুল কুররা শায়খ নাজমুল হাসান, যুক্তরাজ্যের শায়খ আহমাদ হাসান, হাফেজ কারী সালাহউদ্দিন খন্দকার, হাফেজ কারী ইউসুফ আদনান এবং বিশ্বজয়ী হাফেজ কারী মুফতী মুহাম্মাদ জাকারিয়া, হাফেজ মাওলানা আবু তালহা বিন মিজানসহ প্রখ্যাত কোরআন শিক্ষাবিদ ও কারীগণ।







