
গাজীপুর প্রতিনিধি
পরিচিতজনের ডাকে সাড়া দিয়েছিলেন মাত্র ২০ বছর বয়সী তরুণ অটোরিকশাচালক জাহিদ রহমান। গজারী বন থেকে লাকড়ি আনার কথা বলে তাকে ডাকবাংলো মোড়ে ডেকে নেয়া হয়। জাহিদ ভাবতেই পারেননি, চেনা মুখের আড়ালেই লুকিয়ে আছে মৃত্যুফাঁদ। গহিন বনে নিয়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে ঘাতকরা। এরপর তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়।
গাজীপুরের শ্রীপুরের এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতারের পাশাপাশি ছিনতাই হওয়া অটোরিকশার বিক্রির নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া খণ্ডিত অংশবিশেষ উদ্ধার করা হয় জেলার কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের আলাউদ্দির টেক এলাকার ইব্রাহিম খলিলের গ্যারেজ থেকে।
গ্রেফতারকৃতরা হলো- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভাটিচরপাড়া গ্রামের ইন্তাজ আলী ইন্তা (২৫), শ্রীপুরের ভামনগাঁও এলাকার মো: হাবিবুল্লাহ (২৭), একই থানার কাজীপাড়া এলাকার মো: আলমগীর হোসেন ওরফে আলম (৩৪), কাপাসিয়ার নলীপলাশ এলাকার মো: জাহাঙ্গীর ফকির (৪২) এবং কালীগঞ্জের বড়াইয়া পূর্বপাড়া এলাকার ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে খলিল (৪০)। এদের মধ্যে ইন্তাজ, হাবিবুল্লাহ ও জাহাঙ্গীর ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডের নেপথ্যের রোমহর্ষক পরিকল্পনা। নগদ টাকার প্রয়োজনে নিহত জাহিদের পূর্বপরিচিত ইন্তাজ আলী ও তার সহযোগীরা অটোরিকশাটি ছিনতাইয়ের ছক কষে। পরিকল্পনা অনুযায়ী, গত ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইন্তাজ ফোন করে জাহিদকে কাপাসিয়ার ডাকবাংলো মোড়ে আসতে বলে। আগে থেকেই হত্যায় ব্যবহারের জন্য রশি কিনে রেখেছিল হাবিবুল্লাহ।
সন্ধ্যায় জাহিদ অটোরিকশা নিয়ে এলে যাত্রীবেশে তাতে ওঠে ইন্তাজ ও হাবিবুল্লাহ। পরে তারা কৌশলে অটোরিকশাটি শ্রীপুর থানার সাভারচালা পশ্চিমপাড়ায় বন বিভাগের গজারী বনের ভেতরে নিয়ে যায়। সেখানে নির্জন স্থানে নিয়ে রশি দিয়ে জাহিদের হাত-পা ও মুখ বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। লাশ বনের ভেতর ফেলে রেখে তারা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে আলম, জাহাঙ্গীর ও খলিলের সহায়তায় সেটি ৫০ হাজার টাকায় বিক্রি করে টাকা ভাগবাটোয়ারা করে নেয়।
ঘটনার পরদিন ২৬ নভেম্বর সকালে স্থানীয়দের খবরে গজারী বাগান থেকে জাহিদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান হবি বাদি হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পিবিআইয়ের সিডিউলভুক্ত হওয়ায় ২৮ নভেম্বর স্ব-উদ্যোগে তদন্তভার নেয় গাজীপুর পিবিআই। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো: মোস্তফা কামালের তত্ত্বাবধানে ও গাজীপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো: রকিবুল আক্তারের সার্বিক দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ এলাকায় টানা অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। মামলাটি তদন্ত করছেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক (নি.) মো: ফিরোজ উদ্দিন।
প্রেস ব্রিফিংয়ে গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো: রকিবুল আক্তার বলেন, ‘নিহত জাহিদ তার পরিবারের প্রধান উপার্জনম ব্যক্তি ছিলেন। অপরাধীরা ভেবেছিল গহিন বনে কুলেস হত্যাকাণ্ড ঘটিয়ে পার পেয়ে যাবে। কিন্তু পিবিআইয়ের পেশাদারিত্ব ও প্রযুক্তির দ ব্যবহারে ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিদের গ্রেফতার ও আলামত উদ্ধার সম্ভব হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুততম সময়ে আদালতে নিখুঁত চার্জশিট দাখিল করা হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









