কক্সবাজারে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ads

 

দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে হঠাৎ একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সরকারি গুরুত্বপূর্ণ কার্যালয়, জাতিসঙ্ঘের সহযোগী আন্তর্জাতিক সংস্থার অফিসসহ শহরের অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে পর্যটননির্ভর কক্সবাজারের ভাবমূর্তি ও পর্যটনশিল্পে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা থেকে আড়াইটার মধ্যে বিভিন্ন সময়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেÑ তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে শহরের মোটেল রোডে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের ভেতরে সম্মুখ আঙ্গিনায়। দুর্বৃত্তরা কার্যালয়ের সীমানাপ্রাচীরের ওপাশ থেকে একটি শক্তিশালী ককটেলসদৃশ বস্তু ছুড়ে মারে। বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে।
একই সড়কে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যালয়ের আশপাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বাহারছড়া এলাকার ট্রেড ফেয়ারের প্রবেশপথ, সিভিল সার্জনের কার্যালয় এবং হিলডাউন সার্কিট হাউস এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সুপার সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার কথা জানায়নি পুলিশ। কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক কমিশনার রফিকুল ইসলাম এসব বিস্ফোরণের জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করে অভিযোগ করেছেন।
তিনি দাবি করেন, আরআরআরসি ও আইওএম কার্যালয় এলাকায় ককটেল ছোড়ে মারার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। কারণ কক্সবাজারে এলাকাটি কূটনৈতিক জোন হিসেবে পরিচিত এবং সেখানে জাতিসঙ্ঘের একাধিক সংস্থার আঞ্চলিক কার্যালয় রয়েছে।
কক্সবাজার শুধু দেশের পর্যটন রাজধানী নয়, এটি আন্তর্জাতিক মানবিক কার্যক্রম ও রোহিঙ্গা প্রত্যাবাসনসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কেন্দ্রও। এমন একটি শহরে সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ের আশপাশে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা নিঃসন্দেহে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে পর্যটন মৌসুমে এ ধরনের সহিংস ঘটনা দেশী-বিদেশী পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে। এতে পর্যটকদের আগমন, হোটেল-মোটেল ব্যবসা এবং সামগ্রিক পর্যটন অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রাজনৈতিক অভিযোগের পাশাপাশি সাংবাদিকতার আড়ালে কয়েকজন চিহ্নিত ব্যক্তি এসব নাশকতামূলক কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছে বলে আলোচনা চলছে। 
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন্স) মো: আহিদুর রহমান সাংবাদিকদের জানান, নাশকতা ও সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশি টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। 
তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচির বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, সব ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করা হবে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।কক্সবাজারবাসীর প্রত্যাশা, দ্রুত ও নিরপে তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং পর্যটন নগরীর নিরাপত্তা নিশ্চিত করা।