বগুড়া বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতদের নিরঙ্কুশ বিজয়
ads

বগুড়া অফিস

বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির ২০২৭ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের সব কয়টিতেই জয়লাভ করেছে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ‘আতাউর-ওহাব পরিষদ’। অন্য দিকে, কোনো পদেই জয় পায়নি জামায়াত-সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত ‘রিয়াজ-সিরাজ পরিষদ’।
শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির গওহর আলী বার ভবনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৯৫২ জন ভোটারের মধ্যে ৮৮৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ১২টায় নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। ঘোষিত ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট মো: আতাউর রহমান (আতা) ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন পেয়েছেন ১৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো: আব্দুল ওহাব ৬৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম আকন্দ পেয়েছেন ১৫০ ভোট। সহসভাপতি পদে রেজাউল বারী তারা ৬৫৪ ভোট এবং রহমতুল বারী তালুকদার ৬১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 
যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফারুক আহমেদ ৫০৪ ভোট এবং আ.ন.ম. বজলুর রশীদ শাহীদ ৫৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া লাইব্রেরি সম্পাদক পদে আশাবুদজামান আশিব ৫৯৫ ভোট, ক্রীড়া সম্পাদক পদে এ কে এম আকিল আহম্মেদ মোমিন ৪২৫ ভোট, সমাজকল্যাণ সম্পাদক পদে আব্দুল্লাহেল কাফি (২) ৫৯০ ভোট এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: আল আমিন রাসেল ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো: সেলিম রানা ৬১৩ ভোট, অ্যাডভোকেট খায়রুল আলম ৫৯১ ভোট, অ্যাডভোকেট মোছা. সুলতানা খাতুন ৫৮৫ ভোট, অ্যাডভোকেট এনামুল হক-১ ৫৭৯ ভোট এবং অ্যাডভোকেট ছানোয়ার হোসেন ৫০৮ ভোট পেয়েছেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহসভাপতি এম. আর ইসলাম স্বাধীন।