শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চলছে ভর্তি মেলা
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চলছে ভর্তি মেলা।
ads

এস এন ইসলাম
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বর্ণাঢ্য ভর্তি মেলা। উইন্টার ও সামার ২০২৭ সেশনের ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে গত ২৫ নভেম্বর থেকে রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই মেলা শুরু হয়। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। সকাল ১১টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক। উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘অন্যের দেখাদেখি কিংবা কারো চাপে নয়, বরং নিজের আগ্রহকে প্রাধান্য দিয়ে পছন্দের বিষয়ে নান্দনিক পড়াশোনায় মনোনিবেশ করে ভবিষ্যৎ গড়ার সংকল্প করো, দেখবে তুমি সফল হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম এবং রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় আসা শিক্ষার্থী ও অভিভাবকরা ক্যাম্পাস ঘুরে দেখার পাশাপাশি অভিজ্ঞ শিক্ষক ও একাডেমিক কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের ক্যারিয়ার সম্ভাবনা, পাঠদান পদ্ধতি, আধুনিক কারিকুলাম, ইন্ডাস্ট্রি সংযোগ ও ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। মেলা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ফলাফলের ভিত্তিতে বৃত্তির পাশাপাশি ভর্তি ফিতে ৫০ শতাংশ এবং প্রথম সেমিস্টারের টিউশন ফিতে অতিরিক্ত ১০ শতাংশ ওয়েভার দেয়া হচ্ছে। এ ছাড়া মেলায় ফ্ল্যাশমব ও সেলফি বুথের মতো বিনোদনমূলক আয়োজনও রয়েছে। মেলার রেফারেন্সে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের যেকোনো বাসে যাতায়াত করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বর্তমানে পাঁচটি অনুষদের অধীনে মোট ৩১টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। দেশে প্রথমবারের মতো ফ্যাশন ডিজাইন, গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, ইন্টেরিয়র আর্কিটেকচার, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, ফাইন আর্টস এবং মিউজিক অ্যান্ড ড্যান্সের মতো কর্মমুখী প্রোগ্রামগুলো এই বিশ্ববিদ্যালয়েই চালু হয়। ভর্তিসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ংসঁপঃ.ধপ.নফ) অথবা ০৯৬৩৮-১৭৭১৭৭ নম্বরে জানা যাবে।