রংপুরে ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লির সমাগম
ads

রংপুর ব্যুরো

রংপুরে আঞ্চলিক ইজতেমার দ্বিতীয় দিনে জুমার নামাজে লাখো মুসল্লির সমাগম হয়েছে। শুক্রবার নগরীর দর্শনা এলাকার ইজতেমা মাঠের প্যান্ডেল ছাপিয়ে আশপাশের সড়ক, মাঠ, দোকানপাট ও বাসাবাড়ির ছাদে নামাজে অংশ নেন মুসল্লিরা। বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘিরে চারস্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে রংপুর মহানগর পুলিশ। মোতায়েন করা হয়েছে আড়াই শতাধিক পুলিশ সদস্য। আজ দুপুর ১২টায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।
শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। জুমার নামাজে অংশ নিতে রংপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসেন। নামাজ ও মুনাজাত শেষে অনেকে কান্নায় ভেঙে পড়ে নিজের, পরিবারের, দেশ ও বিশ^বাসীর শান্তি কামনায় দোয়া করেন।
মিঠাপুকুরের শাল্টিগোপালপুর থেকে আসা মুসল্লি আবিদুর রহমান স্বপন বলেন, অনেক মানুষের সাথে নামাজ পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাড়িতে অসুস্থ স্ত্রী ও বাবা-মায়ের রোগমুক্তির জন্য দোয়া করেছেন তিনি।
গঙ্গাচড়া থেকে আসা মনিরুজ্জামান মনি বলেন, প্রতি বছর ইজতেমায় আসেন। ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা শোনেন এবং তা অনুসরণের চেষ্টা করেন।
ইজতেমায় প্রতিদিন উপস্থিত হচ্ছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম। তিনি বলেন, ইজতেমা আল্লাহ, ইসলাম ও মহানবী সা:-এর প্রতি মানুষের ভালোবাসার মিলনমেলায় পরিণত হয়েছে। দেশ ও জাতির শান্তি এবং কল্যাণ কামনা করেন তিনি।
রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা, বিভিন্ন খিত্তায় পুলিশ মোতায়েন ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
ইজতেমায় দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবী কাজ করছেন। স্থাপন করা হয়েছে ৯টি খিত্তা। মূল প্যান্ডেলে প্রতিদিন প্রায় ৪০ হাজার মুসল্লির অবস্থান থাকছে। সুদান ও মালয়েশিয়ার দু’টি বিদেশী জামাতও রয়েছে। মুসল্লিদের চিকিৎসাসেবা ও খাবার পানি দিতে বিভিন্ন সংগঠন ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করছে। শনিবার দুপুর ১২টায় আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। মুনাজাত পরিচালনা করবেন হাফেজ ওয়াজি উল্লাহ।