
শিক্ষক চাঁদ শিক্ষিকা ফুল
এরশাদ জাহান
রঙিন পাখার প্রজাপতি মুক্ত ডানার পাখি
এমন একটি দেশের খবর আমায় দেবে নাকি?
যেখানে নেই শাসন বারণ নিয়ম ভাঙার সাজা
নেই বড়রা, সবাই শিশু, সকল শিশুই রাজা।
থাকবে সেথায় শিশুর জন্য এমনই ইশকুল
যেখানে চাঁদ শিক্ষক হবেন শিক্ষিকারা ফুল
বন্ধু হবে নীল জোনাকি তারারা ক্লাসমেট
থাকবে না ব্যাগ, বইখাতা ও ঝামেলা, প্রাইভেট।
হাসবে শিশু খেলবে শিশু মেলবে ডানা মনের
রাখবে খবর সমুদ্র ও তেরশত নদী, বনের
বড় হওয়ার থাকবে না লোভ থাকবে না ক্ষোভ, ভয়
সকল শিশুর ইচ্ছেগুলোর তবেই হবে জয়।
প্রিয় বাংলাদেশ
নাজমুল হুদা মজনু
পদ্মা পাড়ের শত স্মৃতি
ডাকে আমায় খুব
সকাল দুপুর চলতো কত
গভীর স্রোতে ডুব।
নদীর তীরে হিজল গাছে
তীক্ষè চোখের তীর
মাছরাঙ্গাটা চেয়ে দেখে
অনেক মাছের ভিড়।
শিশির সিক্ত দূর্বা ঘাসে
সবুজ পরিবেশ
হরেক রকম ফুলের মেলা
প্রিয় বাংলাদেশ।
সোনালি হেমন্ত
শাহনেওয়াজ মিঠু
হুররে! ওয়াও! ধান-শালিকের দল
কী আনন্দ! কী আনন্দ!
গাইছে ওরা ছড়া-ছন্দ।
আয়রে তোরা প্রাণের মাঠে,
ধানের শীষে স্বর্ণ-কোলাহল।
দেশের সোনা সবুজ গাঁয়ের চাষি,
খুশি ছুঁয়ে হিমবায়ু বয়।
এত সোনা কী করে হয়?
চাঁদনি শিশির আদর মাখে,
মাঠের সোনা চাষি-বউয়ের হাসি।
আহা, কী দারুণ! নবান্নের ঘ্রাণ কেমন তো?
খেজুর রসে পিঠা-পুলি, হিম হিম হিম হেমন্ত।
চায়না বউ
সৈয়দ আহম্মেদ সাদি
চায়না থেকে বউ এনেছে
ছোটো মামার ছেলে
খেতে বসলে বেজায় খুশি
ব্যাঙের গোস্ত পেলে।
গোবরা পোকা-ঝিঁঝি পোকা
পুড়ে পুড়ে গিলে
সারাটা দিন সাপের খোঁজে
ঘোরে বিলে-ঝিলে।
শাশুড়ি কয় আনো তো বউ
ঘর থেকে ওই কুলা
ভুল বুঝে সে নিয়ে এলো
তিন তিনটে মুলা।
গানও করে চায়না ভাষায়
চুই চিঙা চিং চুয়া
গানের সুরে নেচে অজ্ঞান
বাড়ির কাজের বুয়া।
বইছে সুখের হাওয়া
আবুল কালাম তালুকদার
সবুজ পাতায় গাছ ভরেছে
মাঠ ভরেছে ঘাসে
পুব আকাশে লাল রবিটা
ঝলমলিয়ে হাসে।
সরষে ফুলের হলুদ রঙে
ছড়ায় মধুর ঘ্রাণ
নতুন ধানের পিঠাপুলি
জুড়ায় সবার প্রাণ।
মেঘ ছাড়া ওই দূর আকাশে
বইছে সুখের হাওয়া
গোলাভরা সোনার ধানে
হলো সবই পাওয়া।
পথের টোকাই
নবীন চৌধুরী
ওরা আজো পথের টোকাই
তাই তো ওরা থাকে ভুখাই।
ওদের নেই তো কোনো বাসা
একমুঠো ভাত ওদের আশা।
ওদের কেউ করে না আদর,
তাই তো ভাতের ক্ষুধায় কাতর।
হেমন্তকাল
জালাল খান ইউসুফী
ওই দেখা যায় বিলের টিলা নদীর বুকে চর
টিলার বুকে সবুজ মেয়ে বাঁধছে সবুজ ঘর
ক্ষেতের মাঠে ধানের হাসি স্বর্ণ হাসে ধানে
মাঠটা মুখর চাষির মুখের মিষ্টি মধুর গানে।
চাষির হাতের কাস্তে চলে গানের তালে তালে
চতুর্দিকে ধানের সুবাস এই হেমন্তকালে
কোরাস গেয়ে চলতে থাকে দল বেঁধে ধান কাটা
কাটা ধানের গোছায় চাষি বান্ধে ধানের আঁটা।
ধান ফড়িং আর গ্রাস ফড়িংয়ে বেড়ায় ঘুরে ঘুরে
দোয়েল, ঘুঘু, ময়না, চড়ই ধান খেয়ে যায় উড়ে
ধান কাটা ওই জমির মাঠে ‘ডিগড়া’ দেয়া গরু
মুক্ত মনে খাচ্ছে ঘুরে ‘ডিগড়া’ সীমার তরু।
মাঠ ভরা ধান গোলায় তুলে কিষাণ পাড়া হাসে
কার্তিক-আগন দু’মাস নিয়ে হেমন্তকাল আসে।
এই হেমন্তে
এইচ এস সরোয়ারদী
এই হেমন্তে খেজুরের রস
কি খুশিতে খাইরে
পিঠার গন্ধে মনটা আমার
যায় ছুটে যায় বাইরে।
ধানের গন্ধে, ভাপার গন্ধে
ঘুম আসে না ঘুম
এই হেমন্তে পিঠা খাওয়ার
ধুম পড়ে যায় ধুম।
মন দিয়ে পড়
মোস্তাকিম আহমেদ দীন
পড়াশোনায় আলসেমি নয়
মন দিয়ে তাই পড়ো
হতে হবে সবার সেরা
হতে হবে বড়ো।
পড়াশোনা করে তুমি
জীবনটাকে গড়ো
ভালো জীবন গড়ে তুমি
দেশের তরে লড়ো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









