
বেড়া (পাবনা) সংবাদদাতা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আলোচিত বালিশ কাণ্ডের মামলা ধামাচাপা দেয়ার পাঁয়তারা করছে একটি চক্র। এই মামলার দুই আসামি ঠিকাদার এবং ১৩ জন প্রকৌশলী বিগত সাত বছর ধরে জামিনে আছেন। ২০১৯ সালের ১২ ডিসেম্বর জামিনের এ আদেশ দেন ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এ সময় আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। তবে সূত্রের দাবি, ইতোমধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে আসামিদের অর্ধেকেরও বেশী বিদেশে আত্মগোপনে বিদেশ পালিয়েছেন।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে দূর্নীতি চলাকালে এর নির্বাহী প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী। বর্তমানে তিনি গণপূর্ত অধিদফতরে প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। সে সময় পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে সব রকম টেন্ডারের কার্যক্রম সম্পাদক করেন নির্বাহী প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী
রূপপুর প্রকল্প নিরীক্ষা করে সিএজি দফতরের তথ্য মতে, রূপপুর প্রকল্পে ২০টি ভবন তৈরিতে নানা অনিয়মের মাধ্যমে প্রায় ২৯৫ কোটি টাকা লুটপাট করা হয়েছে। এর মধ্যে এই প্রকল্পে চার হাজার ৭০২টি বালিশের দাম ছিল এক কোটি ৪৮ লাখ টাকা। অথচ কেনা হয়েছিল পাঁচ কোটি ৪১ লাখ টাকায়। অতিরিক্ত দামে বালিশ কিনতে সরকারের তিন কোটি ৯২ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়। এই টাকা লুটপাটে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে অতিরিক্ত যে টাকা নেয়া হয়েছে, সেগুলো আদায় করা আবশ্যক বলে অভিমত দেয়া হয়েছে সিএজি প্রতিবেদনে।
দুদক সূত্র জানায়, বালিশসহ রূপপুর আবাসিক ভবনের জন্য বিভিন্ন আসবাবপত্রের জন্য মোট বরাদ্দ দেয়া হয় ১৬৯ কোটি টাকা। পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম ও অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের আসবাব ও অন্যান্য সামগ্রী অস্বাভাবিক দামে কেনা দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।
অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক নাসির উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অন্য দু’জন হলেন- সহকারী পরিচালক আতিকুর রহমান ও উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ। কমিটির অনুসন্ধানের ভিত্তিতে মামলার অনুমোদন দেয় দুদক। তদন্ত কমিটির অভিযোগের ভিত্তিতে সেগুনবাগিচার গণপূর্তের সদর দফতর থেকে পুলিশ ১৩ জন প্রকৌশলীসহ দু’জন ঠিকাদারকে গ্রেফতার করে। সেখান থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে। পরবর্তীতে আসামিরা জামিনে মুক্ত হন। এ সময় আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় আদালত।
কারাগারে পাঠানো ১৩ জন আসামি হলেন- গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, তিন উপবিভাগীয় প্রকৌশলী তাহাজ্জুদ হোসেন, আহমেদ সাজ্জাদ খান ও মোস্তফা কামাল, উপসহকারী প্রকৌশলী আবু সাইদ, জাহিদুল হক, শফিকুল ইসলাম ও রওশন আলী এবং সহকারী প্রকৌশলী সুমন কুমার নন্দী, মোর্শেদ তারেক ও আমিনুল ইসলাম। ঠিকাদার দু’জন হলেন- সাজিন কনস্ট্রাকশনের মালিক শাহাদাত হোসেন ও মজিদ অ্যান্ড সন্স কনস্ট্রাকশনের মালিক আসিফ হোসেন।
অনুসন্ধান কমিটির প্রতিবেদনে বলা হয়, গণপূর্ত অধিদফতরের কেন্দ্রীয় ও জোনভিত্তিক যে কেনাকাটা হয়ে থাকে, তার বার্ষিক একটি পরিকল্পনা বা নীতিমালা থাকে। সে ক্ষেত্রে ৩০ কোটি টাকার নিচে কেনাকাটা হলে কেন্দ্রীয় কার্যালয়ের অনুমোদন লাগে না, স্থানীয় পর্যায়েই করা যায়। এর সুযোগ নিয়ে ১৬৯ কোটি টাকার কাজ ছয়টি ভাগ করা হয়। ফলে প্রতিটি কাজের মূল্য ৩০ কোটি টাকার নিচে হওয়ায় মন্ত্রণালয়ের অনুমতি বা অনুমোদনের প্রয়োজন পড়েনি।
রূপপুর পরমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বালিশ কেনা নিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ওই প্রকল্পে সর্বোচ্চ ৯০ হাজার টাকা দিয়েও বালিশ কেনা হয়েছিল। আর সর্বনিম্ন দামে বালিশ কেনা হয়েছিল ছয় হাজার ৯৫৭ টাকায়। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ওই সূত্রের দাবি, এই প্রকল্পে মোট চার হাজার ৭০২টি বালিশ কেনা হয়েছিল। যার মধ্যে ৮৯ হাজার ৯০০ টাকা দামে কেনা হয় ৬০টি বালিশ। ২০ হাজার টাকা করে কেনা হয়েছিল ৬৬০টি। আর প্রতিটি ১০ হাজার টাকার বেশি দামে কেনা হয় ১২০টি।
সিএজি প্রতিবেদনে দেখা যায়, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বালিশ, কাভার, মালামাল ওঠানামা এবং বিভিন্ন ফ্লোরে পৌঁছানোসহ প্রতিটি বালিশের জন্য ব্যয় প্রস্তাব করেছিলেন, ৯ হাজার ৩০৭ টাকা। অর্থাৎ প্রতিটি বালিশের জন্য ছয় হাজার ১৫০ টাকা বেশি ধরা হয়েছিল। পরে এই বালিশ কেনায় আরো অনিয়ম ঘটে। ঠিকাদারকে সুবিধা দিতেই যোগসাজশ করে অতিরিক্ত দামে বালিশ কেনা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, নিরীক্ষার সময় এসব বিষয়ে জবাব চাওয়া হলে কোনো উত্তর দেননি সংশ্লিষ্টরা। ‘সাজিন কনস্ট্রাকশন লিমিটেড’ ও ‘মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড’ নামের দু’টি প্রতিষ্ঠান বালিশসহ বিভিন্ন আসবাব অতিরিক্ত দামে কেনাকাটা করে প্রায় চার কোটি টাকা হাতিয়ে নেয়।
সাজিন কনস্ট্রাকশনের মালিক শাহাদাত হোসেন ২০২০ সালের ২৭ আগস্ট জামিনে মুক্তি পায়। এরপর ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে গণপূর্ত অধিদফতর আরো কাজ দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবন নির্মাণ। ওই প্রকল্প ছিল প্রায় সাড়ে পাঁচ’শ কোটি টাকার।
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পরিচালক ইফতাখারুজ্জামান বলেন, রূপপুর প্রকল্পে যে সাগর চুরি কাণ্ড হয়েছে, সেটা আগেও বলা হয়েছিল। এখন যেহেতু সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে, তাই ঠিকাদার ও কর্মকর্তাসহ যাদের যোগসাজশে দুর্নীতি হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কেবল জরিমানা করলেই হবে না; তাদের কাছ থেকে ওই অর্থ উদ্ধারের বিষয়টিও নিশ্চিত করতে হবে।
এ ব্যাপারে দুদকের সচিব সাইদুর রহমান খানকে বারবার ফোন ও ক্ষুদে বার্তা দেয়া হয়। কিন্তু গত আট দিনেও তিনি কোনো উত্তর দেননি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









