
রিশাদ স্কুল থেকে ফিরেই প্রজেক্ট নিয়ে বসে। আর কয়েক দিন পর ওদের স্কুলে শুরু হবে সায়েন্স ফেয়ার। সেজন্য জোরেশোরে প্রস্তুতি চলছে। ওর বন্ধুরাও যে যার মতো করে প্রস্তুতি নিচ্ছে। গত বছর বিজ্ঞান মেলায় সে যে প্রজেক্টটা করেছিল সেটি আরো তিন সহপাঠীর সাথে মিলে যায়। এবার তাই সে চেষ্টা করছে যেন কারো সাথে মিল না থাকে। এবার তাই স্কুলের বন্ধুদের সাথে শেয়ার করছে না। শুধু আয়ান ছাড়া। গতবার মিলে যাওয়ায় সে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকতে পারেনি। এবার সে অনেক সতর্ক। অন্যরা কি প্রজেক্ট করবে তাও সে জানার চেষ্টা করেনি। প্রতি বছর তাদের স্কুলে বিজ্ঞান মেলা হয়। প্রজেক্ট নিয়ে ভাবতে ভাবতে ক্লান্ত শরীরে রিশাদ টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে।
রিশাদ, এই রিশাদ, ওঠ দুধটুকু খেয়ে নাও।
মায়ের ডাক শুনে রিশাদের ঘুম ভাঙে। মুখ তুলে তাকিয়ে দেখে দুধের গ্লাস ও স্যান্ডউইচের প্লেট হাতে তার মা দাঁড়িয়ে আছে। বিকেল বেলায় প্রতিদিন রিশাদকে এক গ্লাস দুধ খেতে দেয়।
দুধ খাওয়া শেষ করে রিশাদ তার মাকে বলল, মা কাল আমার বন্ধু আয়ান আসবে। আমরা স্কুল ছুটির পর দুজন একসাথে বাসায় আসব। মা বলল, ঠিক আছে নিয়ে এসো। ছেলেটা অনেক ভালো। একদম দুষ্টমি করে না।
এবার রিশাদ একটু অভিমানের সুরে বলল, শুধু কি আমার বন্ধুই ভালো। আমি ভালো না।
মা বলল, তুমি তো শুধু ভালো না। আমার একটা ভালো ছেলে। সাত রাজার ধন। তবে মাঝে মধ্যে মোবাইল পেলে সারাক্ষণ গেমস নিয়ে ডুবে থাকো, খাওয়া দাওয়ার কথা মনে থাকে না।
রিশাদ বলল, মা এই যে আমি আজকে স্কুল থেকে আসার পর এতক্ষণে একবারও তোমার মোবাইল নিয়েছি? মাঝে মাঝে যখন পড়ায় মন বসে না তখন গেমস খেলি। তাও তো অল্প কিছুক্ষণ। মা বলল, তাহলে মোবাইল নিয়ে ফেললে মন খারাপ কর কেন?
মন খারাপ হবে না। অর্ধেক খেলা ছেড়ে কারো চলে যেতে মন চায়।
শাসনের সুরে মা বলল, বেশিক্ষণ না খেলাই ভালো। কারণ মোবাইল স্ক্রিনের আলোক রশ্মি চোখের অনেক ক্ষতি করে। এত কম বয়সে চোখের ক্ষতি হলে শেষে সারাজীবন চোখে চশমা ব্যবহার করতে হবে। চোখের মনি বাকা হয়ে চোখ ট্যারা হয়ে যেতে পারে। এই বয়সে বেশি মোবাইল না দেখায় ভালো। আমাদের আশপাশে তো কোনো খেলার মাঠ নেই। তাহলে আমি কোথায় খেলব মা? ওর কথাটাও সঠিক। ছেলের কথার কোনো জবাব দিতে পারলেন না মা। ওরা যেই এলাকায় থাকে সেখানে অনেক ডেভেলপার কোম্পানি বহুতল ভবন তৈরি করেছে। ওরা যখন প্রথম এসেছিল এই অ্যাপার্টমেন্টে তখন এটি অনেক সুন্দর ছিল। এখন আরো অনেক আধুনিক ডিজাইনের অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে। ফ্ল্যাটের ছাদে খেলার জন্য আটিফিশিয়াল টার্ফ আছে। ফ্লোরে ফাইবারের কৃত্রিম সবুজ ঘাস বিছানো। বল যাতে নিচে পড়তে না পারে সেজন্য চারিদিকে লোহার নেট লাগানো থাকে। রিশাদরা যে ফ্ল্যাটটিতে থাকে সেখানে অবশ্য এই রকম টার্ফ নেই। সে কোথাও খেলতে যেতে পারে না। ওদের স্কুলের মাঠটা অবশ্য অনেক বড়। ক্লাসের ফাঁকে তারা সেই মাঠে ক্রিকেট খেলে। স্কুল ছুটির পরে তারা যখন কোচিংয়ের জন্য অপেক্ষা করে সেই ফাঁকে ক্রিকেট খেলে।
এবার তার মা বলল, খেলাধুলার কথা এখন রাখ। যে কাজ করছ সেটি নিয়ে ভাবো। আচ্ছা তোমরা এবার সায়েন্স ফেয়ারে দুই বন্ধু মিলে কি বুদ্ধি করেছ? কি প্রজেক্ট করবে? রিশাদ যেন ভুলেই গেছিল হঠাৎ মনে পড়ে গেল তার। বলল, ভালো কথা মনে করেছ। আমরা এবার ভলকানো বানাচ্ছি। তার জন্য কালকে তুমি সব জিনিস কিনে আনবে। কি কি জিনিস লাগবে তাই তো জানি না, মা বলল। আমি তোমাকে একটি লিস্ট করে দিচ্ছি। আর্ট পেপার, ভিনেগার, বেকিং সোডা, ফুড কালার, রঙ তুলি, প্লাস্টিকের বোতল। তোমার মনে থাকবে না। বলেই সে একটি কাগজে সবকিছু লিখে দিলো।
আর্ট পেপার আর রঙ তুলি বুঝলাম। কিন্তু ভিনেগার আর বেকিং সোডা কেন? শোন মা, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে লাভা বের হয়। সেটি সৃষ্টি করতে হলে ভিনেগার আর বেকিং সোডা লাগে। নির্দিষ্ট অনুপাতে দিতে হয়। আর কমলা রঙের ফুড কালার ব্যবহার করলে অগ্নুৎপাতের রঙটা আসে। এবার বুঝেছ।
আমি তো ভেবেছি এসব শুধু রান্নায় ব্যবহার হয়। এখন তো দেখি তা দিয়ে আগুনও জ্বালানো যায়। মা এগুলো হচ্ছে কেমিস্ট্রির বিষয়। কেমিক্যাল এক্সপ্লোশন। এ রকম কেমিক্যালের মিশ্রণ থেকে অনেক কিছু তৈরি হয়। এবার মা হাসতে হাসতে বলল, আমার ছেলে তো অনেক বড় বিজ্ঞানী হয়ে গেছে। বড় হয়ে আর্কিমিডিস নাকি নিউটন। কার মতো হতে চাও। গাছ থেকে আপেল কেন মাটিতে পড়ে? ওটা শূন্যে উড়ে যায় না কেন ? এই মজার প্রশ্ন থেকেই স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করেছিলেন মাধ্যকর্ষণ শক্তি। অর্থাৎ পৃথিবী সবকিছু নিজের দিকে টেনে রাখে বলেই কোনো কিছু উপরের দিকে না গিয়ে নিচের দিকে পড়ে। এ জন্যই আমরা মাটিতে হেঁটে বেড়াতে পারি। শূন্যে ভেসে থাকি না। তোমার মতো এত বড় বিজ্ঞানী না হলেও আমরা এগুলো পড়েছি। মা ছেলের গল্প যেন শেষ হয় না। সকালে উঠে আবার স্কুলে যেতে হবে। রাত করে ঘুমালে সকালে ঘুম থেকে উঠতে রিশাদের কষ্ট হয়ে যায়। ওর মার প্রতিদিনকার যুদ্ধ শুরু হয় তাকে ঘুম থেকে তুলতে। আজো তাই হলো। সকালে অনেক কষ্টে বিছানা থেকে ওকে তুলল। তুলে তাড়াতাড়ি নাশতা রেডি করে দেয়। রিশাদ ততক্ষণে স্কুল ড্রেস পরে বই-খাতা, ব্যাগ গুছিয়ে নেয়। ওর বাবা প্রতিদিন ওকে স্কুলে নামিয়ে দেয়। মা আজ টিফিন দিলে না? স্কুল ব্যাগটি কাঁধে ঝুলিয়ে নিতে নিতে মাকে বলল। আজকে দোকান থেকে কিছু কিনে খেয়ে নিও। ১০০ টাকার একটি নোট বের করে দিলো। বলল, এই নাও টাকা। রিশাদ খুশি মনে টাকাটা পকেটে নিয়ে বাবার সাথে বের হয়ে গেল।
স্কুল ছুটির পর আজ দুই ঘণ্টার বিরতি। তারপর আবার কোচিং। এই ফাঁকে খেলা যাবে। এই ভেবে মনে মনে খুশি হলো রিশাদ। ঠিক ১টায় স্কুল ছুটি হলো। স্কুলটা বিশাল। মুখোমুখি চারটি বিল্ডিং। মাঝখানে খেলার মাঠ। ছুটি হলেই কয়েকজন সহপাঠী টিফিন খেতে বসে গেল। রিশাদ আজকে টিফিন আনেনি। তাই সে বাইরে খাবে। আয়ানকেও সাথে ডাকল। কিন্তু আয়ান গেল না। সে টিফিন এনেছে। রিশাদ বাইরে যেতে চাইলে আজিজ স্যার বাধা দিলেন। রিশাদ অনেক অনুনয় বিনয় করল। আজিজ স্যার তাদের ক্লাস টিচার। কঠিন হৃদয়ের মানুষ।
রিশাদ বলল, স্যার আমার অনেক খিদে পেয়েছে। আজকে টিফিন নিয়ে আসিনি। আমার আবার ৩টায় কোচিং শুরু হবে স্যার। শেষে অনেক বুঝিয়ে শুনিয়ে বের হলো। এরপর আজিজ স্যারও বের হয়ে গেলেন। সাথে কয়েকজন সহপাঠীও। রৌদ্রোজ্জ্বল দুপুরে মাঠে দাঁড়িয়ে রিশাদ বিমানের শব্দ শুনে উপরের দিকে তাকাল। মুহূর্তেই প্রশিক্ষণ বিমানটি স্কুল বিল্ডিংয়ের ছাদে আছড়ে পড়ল। যে যেদিকে পারল ছুটে দৌড়াল। চোখের পলকে বিমানটি শ্রেণীকক্ষের ভেতর ঢুকে পড়ল। কেউ কেউ নিরাপদে বেরিয়ে যেতে পারলেও অনেকেই শ্রেণীকক্ষের ভেতরে আটকে পড়ল। টিচাররাও শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। যে যেভাবে পারছে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করার চেষ্টা করছে। শিক্ষার্থীদের বই-খাতা, জুতা ও টিফিন বক্সসহ খাবার দাবার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেক শিক্ষার্থী আহত হয়ে মাটিতে পড়ে আছে। তাদের শরীর ঝলছে গেছে। তাদের বাঁচাতে গিয়ে কয়েকজন শিক্ষকের দেহের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। আহতদের আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেল। অ্যাম্বুলেন্সের সাইরেন বাজতে লাগল। রিশাদ দৌঁড়ে এলো সহপাঠী আয়ানের খোঁজে। মেঝেতে আয়ানের পোড়া দেহটা পড়ে আছে। এখনো সে বেঁচে আছে। আয়ানকে কোলে তোলার চেষ্টা করল। গাড়িতে নিয়ে যেতে চাইল। আয়ানের তখনো হুঁশ আছে।
ঘাড় ঘুরিয়ে রিশাদের দিকে তাকিয়ে বলল, আমি জানতাম তুমি আসবে। রিশাদ বলল, চলো অ্যাম্বুলেন্স এসে গেছে। আয়ান বলল, আমার পুরো শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। আয়ানের রক্তাক্ত দেহ নিয়ে সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সটি বেরিয়ে গেল। ভাঙা বিমানটির নিচে চাপা পড়ে আছে কয়েকজনের দেহ। রিশাদ কি করবে ভেবে পায় না। তার জামায় রক্তের দাগ লেগে আছে। এক মুহূর্তের জন্য তার মনে পড়ে গেল মায়ের বলা নিউটনের মাধ্যকর্ষণ শক্তির কথা। সে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে ভাঙা স্কুল বিল্ডিংয়ের দিকে। মাটিতে পড়ে থাকা সহপাঠীদের রক্তাক্ত দেহের দিকে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









